একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন উৎক্ষেপক ব্যবস্থা উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নতুন এ অস্ত্রব্যবস্থার মাধ্যমে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বেড়েছে বলে বার্তা দিতে চাইছে তেহরান।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে নতুন এ উৎক্ষেপক ব্যবস্থার উপস্থিতি দেখা গেছে। ফুটেজে ভূগর্ভস্থ একটি ক্ষেপণাস্ত্র স্থাপনার ভেতরে উৎক্ষেপকটি প্রদর্শন করা হয়। তবে নিরাপত্তার কারণে স্থাপনাটির অবস্থান প্রকাশ করা হয়নি।
আইআরজিসির দাবি, নতুন উৎক্ষেপকটি থেকে একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। এর মাধ্যমে অল্প সময়ে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে দেশটির সামরিক বাহিনী।
সামরিক বিশ্লেষকদের ধারণা, নতুন উৎক্ষেপকটি ইরানের আগে ব্যবহৃত দ্বৈত উৎক্ষেপক ব্যবস্থার তুলনায় উন্নত। আগের ব্যবস্থায় একই সঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতো। নতুন ব্যবস্থায় তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে জ্বালানির কার্যকারিতা ও পরিচালনাগত সক্ষমতায় পরিবর্তন আসতে পারে।
তরল জ্বালানির অন্যতম সুবিধা হলো, এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের কার্যক্ষমতা এবং উড্ডয়ন নিয়ন্ত্রণে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও পরিচালকদের অধিকতর সক্ষমতা তৈরি হতে পারে। তবে নতুন ব্যবস্থার প্রকৃত কার্যকারিতা ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা আবারও বাড়ার আশঙ্কার মধ্যে নতুন অস্ত্রব্যবস্থাটি সামনে আনল তেহরান। এর মাধ্যমে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস বা অকার্যকর করে দেয়ার দাবির বিপরীতে নিজেদের সামরিক সক্ষমতা এখনও অক্ষত ও কার্যকর রয়েছে—এমন বার্তা দিতে চাইছে দেশটি।
নতুন উৎক্ষেপক উন্মোচন অনুষ্ঠানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি বলেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আমরা আমাদের যুদ্ধ কাঠামোয় চমকে দেয়ার মতো নতুন সক্ষমতা এবং অত্যন্ত কার্যকর অস্ত্রব্যবস্থা যুক্ত করেছি।
ইরানের এ নতুন অস্ত্রব্যবস্থা উন্মোচনকে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক ও কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার প্রস্তুতি তুলে ধরতে চাইছে তেহরান।
সবার দেশ/কেএম




























