ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো, কাজ নেগেটিভ নয়: জামায়াত আমির
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের ভূমিকা নিয়ে নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। তবে তার হাতে অস্ত্র না থাকলে ভালো হতো।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইশরাক হোসেন। এ ঘটনার পর তার পদক্ষেপ এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
এ বিষয়ে শফিকুর রহমান বলেন, মাদক সমাজ ও মানুষের শরীরকে ধ্বংস করে দিচ্ছে। এ পরিস্থিতিতে ইশরাক হোসেন যা করা দরকার ছিলো, তিনি তা করেছেন। ওই অভিযানে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো এতটুকু। তার কাজকে কেউ নেগেটিভ বলার সুযোগ নেই। তিনি হয়তো ভালো নিয়তেই করেছিলেন। কিন্তু খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের তো এ সমাজে অভাব নেই। তারা রেফারেন্স হিসেবে এটাকে ইউজ করে। তবে তার কাজের ব্যাপারে তো এখানে আপত্তি করার কিছু নেই।
জামায়াত আমির বলেন, কোনও কাজের উদ্দেশ্য ভালো হলেই সব ক্ষেত্রে সে কাজের পদ্ধতি গ্রহণযোগ্য হয়ে যায় না। এ ধরনের বিষয় নাগরিক আচরণ ও দায়িত্বশীলতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।
মাদক নির্মূলে জামায়াতের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তবে তাদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়, তারা মাদক নির্মূল করতে চান।
তিনি বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সবার দেশ/এফও




























