১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা
এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা
চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে।
শুধু এলপিজিই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিলো ৮৬ টাকা ৯৩ পয়সা। ফলে প্রতি লিটারে দাম কমেছে ১৬ টাকা ৫৩ পয়সা।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিলো। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
সর্বশেষ ঘোষণার ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৪১২ টাকা কমেছে। একই সময়ে অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। জুলাই মাসের জন্য ঘোষিত নতুন মূল্য ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























