Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ৬ নভেম্বর ২০২৬

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন ইব্রাহীম। তার দ্বিতীয়ার্ধের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। নিজেদের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে ভুটানের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাকিবের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথের দিকে যাচ্ছিলো। তবে তার কাছে পৌঁছানোর আগেই বল বিপদমুক্ত করেন ভুটানের এক ডিফেন্ডার। ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। কিন্তু ভুটানের রক্ষণভাগের বাধায় সেই প্রচেষ্টাও সফল হয়নি।

১৮ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে হেড নিয়েছিলেন বিশ্বনাথ। তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এরপর ২৫ মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ। বক্সের ভেতরে তৈরি হওয়া জটলার মধ্যে ফাঁকা জায়গায় বল পেয়ে শট নেন তিনি। কিন্তু গোলপোস্টের ঠিকানা খুঁজে পায়নি তার শট।

ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। এবার গোলরক্ষক ছাড়া সামনে আর কোনও প্রতিপক্ষ খেলোয়াড় ছিলেন না বিশ্বনাথের। কিছুটা কোনাকুনি অবস্থান থেকে নেয়া তার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোল করতে পারেনি স্বাগতিকরা।

গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ভুটানের রক্ষণে চাপ বাড়িয়ে গোলের জন্য চেষ্টা চালাতে থাকে জামাল ভূঁইয়ার দল।

অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ডি-বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের জোরালো শটে তা ভুটানের জালে পাঠান ইব্রাহীম। তার এ গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। সমতা ফেরাতে আক্রমণে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের রক্ষণে চাপ তৈরির চেষ্টা চালায় তারা। তবে স্বাগতিকদের রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। ভুটানের আক্রমণগুলোও গোলের সুযোগে পরিণত হতে দেয়নি বাংলাদেশ।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ না এলেও এক গোলের লিড ধরে রাখতে সক্ষম হয় লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ জয়ের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল স্বাগতিকরা। প্রথম ম্যাচে জয় পাওয়ায় পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়