Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ২৪ জানুয়ারি ২০২৬

ভারতের কূটচালে বিশ্বকাপের বাইরে বাংলাদেশ, বদলি স্কটল্যান্ড

ভারতের কূটচালে বিশ্বকাপের বাইরে বাংলাদেশ, বদলি স্কটল্যান্ড
ফাইল ছবি

অবশেষে গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে আর অংশ নিচ্ছে না বাংলাদেশ। তাদের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আসরে খেলবে স্কটিশরা।

ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না—এ সিদ্ধান্তে শুরু থেকেই অনড় ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রবল চাপ ও একাধিক দফা আলোচনার পরও অবস্থান বদলায়নি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে ব্যর্থ হয়ে আইসিসি একটি সময়সীমা বেঁধে দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও ইতিবাচক সাড়া না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এ পরিবর্তনের ফলে প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। তাদের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে তারা, ১৪ ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে মাঠে নামবে স্কটল্যান্ড।

এর আগে গত ৪ জানুয়ারি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। বিকল্প হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়া হয়। শুরুতে এমন ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত সে আবেদনে আর সাড়া দেয়নি আইসিসি।

গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও শ্রীলঙ্কায় ভ্রমণে অনাগ্রহ প্রকাশ করে। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল-বদলের আলোচনা হলেও ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের পথ কার্যত বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আয়ারল্যান্ড যেন গ্রুপ পরিবর্তনে রাজি না হয়, সে জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আর্থিক প্রলোভন এবং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আশ্বাসও দেয়া হয়েছিলো।

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে সরকারের কাছ থেকেও সবুজ সংকেত পায়নি বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। একই সুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত ১০ জানুয়ারি সিলেটে সংবাদমাধ্যমকে বলেন, কলকাতার বদলে ভারতের অন্য কোনও ভেন্যু দিলেও বাংলাদেশ যাবে না। ভারতের যেকোনও ভেন্যুই ভারতের অংশ—এ যুক্তিতে অনড় থাকার কথা জানান তিনি। কেবলমাত্র শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজন হলে তবেই বিশ্বকাপে অংশগ্রহণের শর্ত ছিলো বাংলাদেশের।

আইসিসির বোর্ড সভার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানায়। নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানে আয়োজনের আহ্বানও জানানো হয়। তবে পিসিবির সে অনুরোধও শেষ পর্যন্ত উপেক্ষা করে আইসিসি।

সব মিলিয়ে নিরাপত্তা, কূটনীতি ও শক্তির রাজনীতির জটিল সমীকরণে বিশ্বকাপের বাইরে ছিটকে পড়ল বাংলাদেশ, আর সুযোগটা লুফে নিলো স্কটল্যান্ড।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা