Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ২৯ জুন ২০২৬

অর্থবিল ২০২৬ পাস

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে পাস হয়েছে অর্থবিল-২০২৬। বিলটি পাসের আগে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ এবং নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল-২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপারিশে কয়েকটি সংশোধনী গ্রহণের পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

পাস হওয়া অর্থবিল অনুযায়ী, আগামী অর্থবছর থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা বছরে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত সুবিধা পাবেন। এর আগে প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিলো। সংসদে আলোচনার পর তা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়, যা সাধারণ করদাতাদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও বাতিল করা হয়েছে। ফলে আগের নিয়ম অনুযায়ী টিআইএন ছাড়াই ব্যাংক হিসাব খোলা যাবে। একই সঙ্গে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় জমি ও ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার বিধানও প্রত্যাহার করা হয়েছে।

অর্থবিলে জমি নিবন্ধন সংক্রান্ত একটি বিতর্কিত বিধানও বাদ দেয়া হয়েছে। জমির প্রকৃত বাজারমূল্য ও মৌজা মূল্যের পার্থক্য নিরসনে যে বিশেষ বিধান প্রস্তাব করা হয়েছিলো, সমালোচনার মুখে সেটি চূড়ান্ত বিল থেকে বাদ দেয়া হয়েছে।

উচ্চশিক্ষা খাতেও এসেছে বড় পরিবর্তন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা এ খাতের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ দিতে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াম ও সার্চ ইঞ্জিনে প্রচারিত বিজ্ঞাপনের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম ও হীরার অলংকারের জন্য নতুন ভ্যাট কাঠামো নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এসব অলংকার কেনার ক্ষেত্রে উৎসে প্রতি টাকায় ৫০ পয়সা হারে কর কাটার বিধান যুক্ত হয়েছে।

মাছ সরবরাহের জোগানদার পর্যায় এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার রাজস্ব ভাগের ওপর আরোপিত ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি চিংড়ি, ওষুধ, বৈদ্যুতিক তার, পিভিসি ও পিইটি রেজিন, পরিশোধিত তামা এবং অগ্নিনিরাপত্তা সরঞ্জামসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর কমানো বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে দেশীয় শিল্প আরও প্রতিযোগিতামূলক হতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে। কোনও তালিকাভুক্ত কোম্পানি কর-পরবর্তী নিট মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ বিতরণ করলে ঘাটতি অংশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ কর দিতে হবে। তবে এ বিধান ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

নির্ধারিত মূলধন বা বার্ষিক বিক্রয় সীমা অতিক্রমকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিসংঘের জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালনা, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ, মার্চেন্ট হিসাব খোলা এবং প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশ থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ের দায়িত্ব ব্যাংক ও অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা কোম্পানির জন্য পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

অর্থবিলে আরও একটি নতুন বিধান যুক্ত হয়েছে যৌথ উন্নয়ন চুক্তির ক্ষেত্রে। এ ধরনের চুক্তির আওতায় জমির মালিক ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট, নগদ অর্থ বা অন্য কোনও সুবিধা পেলে তা মূলধনি প্রাপ্তি হিসেবে গণ্য হবে এবং এর ওপর প্রযোজ্য হারে কর আরোপ করা হবে।

নতুন অর্থবিলের এসব সংশোধনী করব্যবস্থা সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বৃদ্ধি, ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ প্রদান এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে