রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
প্রাথমিকভাবে ঢাকার গুরুত্বপূর্ণ ৯টি রুটে ১০টি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ মোট চারটি বাসও পিংক বাস সার্ভিসের আওতায় চলবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
রাজধানীর ৯ রুটে চলবে পিংক বাস
বিআরটিসি জানিয়েছে, রাজধানীতে মোট ১৩৪টি স্টপেজে পিংক বাস সার্ভিস পরিচালিত হবে। যাত্রীদের সুবিধার জন্য ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। পিওএস মেশিনের মাধ্যমে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
রাজধানীতে পিংক বাস চলবে যেসব রুটে—
১. নতুন বাজার (কোকাকোলা)–মতিঝিল
কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।
২. তালতলা–মতিঝিল
তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।
৩. ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও
ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।
৪. মিরপুর-১০–মতিঝিল
মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।
৫. মিরপুর–মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।
৬. মিরপুর-১২–মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।
৭. মোহাম্মদপুর–মতিঝিল
মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।
৮. আব্দুল্লাহপুর–মতিঝিল
আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।
৯. গাজীপুর–বিমানবন্দর
গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর।
থাকছে ই-টিকিটিং, ওয়াই-ফাই ও সিসিটিভি
নতুন এ বাস সার্ভিসে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উদ্যোগও নেয়া হয়েছে। একটি বাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ওয়াই-ফাই সংযোগ দেয়া হয়েছে। এছাড়া তিনটি বাসে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। পর্যায়ক্রমে অন্যান্য বাসেও এসব সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারী যাত্রীদের চাহিদা ও যাত্রীচাপ বিবেচনায় ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানো হবে।
তিনি বলেন, শুধু বাসের সংখ্যা বাড়ালেই হবে না; নারী যাত্রীরা যাতে নিরাপদ, স্বস্তিদায়ক ও যাত্রীবান্ধব পরিবেশে চলাচল করতে পারেন, সেটিও নিশ্চিত করতে হবে। উদ্বোধনের সময় যে মানের সেবা দেয়া হচ্ছে, আগামী দিনগুলোতে তা আরও উন্নত করতে বিআরটিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে হবে।
রুট ব্যবস্থাপনাও নতুন করে সাজানোর পরিকল্পনা
রাজধানীর বিদ্যমান গণপরিবহন ব্যবস্থার রুটগুলো নতুন করে সাজানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, অনেক রুটের বাস্তবে অস্তিত্ব না থাকলেও সেসব রুটের পারমিট রয়েছে। আবার কোথাও নির্ধারিত পারমিট না থাকলেও বাস চলাচল করছে।
যাত্রীচাপ ও প্রয়োজনের ভিত্তিতে রুট পারমিট এবং বিদ্যমান রুটগুলো রেশনালাইজ করে নতুনভাবে চিহ্নিত করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
পরিবহন খাত আধুনিকায়নের অংশ হিসেবে সরকার সরাসরি ২০০টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বাসের মধ্যেও নারীদের জন্য বিশেষ বাস রাখার পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে রাজধানীতে পরিবেশবান্ধব ও আধুনিক মাল্টিমোডাল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীর কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রেও নতুন এ পিংক বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সবার দেশ/কেএম




























