র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসন, গাইবান্ধার উদ্যোগে ‘গাইবান্ধা জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য রর্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, কোথাও যাতে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক, ড্রেন বা যেকোনও জায়গায় জমে থাকা পানিতে মশা জন্মাতে পারে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এজন্য বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

পরে জেলা প্রশাসক শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমিয়ে আনা যায়।
সবার দেশ/কেএম




























