আতঙ্কে সরিয়ে নেয়া হলো শতাধিক মানুষ
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ আঘাত হানার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ৫২৮ মিটার উঁচু ভবনটিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা প্রাণহানির কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে অবস্থানরত লোকজনকে দ্রুত সরিয়ে নেয়া হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের একটি অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। সড়কে উড়োজাহাজটির পেছনের অংশ ছিটকে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি একটি ট্যাক্সিক্যাবের জানালাও ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শী এক নারী সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হঠাৎ জরুরি ভিত্তিতে ভবন খালি করার নির্দেশ দেয়া হয়। তিনি জানান, পরিচয়পত্র, মোবাইল ফোন কিংবা ব্যাগ নেয়ারও সুযোগ পাননি। প্রাণ বাঁচাতে দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে হয়েছে।
পাশের একটি ভবনের এক কর্মী জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি একটি বিকট বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান। এরপরই এলাকায় জরুরি সেবা সংস্থার গাড়ির সাইরেন শোনা যায়।
এখনও পর্যন্ত উড়োজাহাজটিতে কতজন আরোহী ছিলেন, কোথা থেকে এটি উড্ডয়ন করেছিলো কিংবা কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভবনটিতে আঘাত হেনেছে—এসব বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিএনএনের তথ্য অনুযায়ী, অনলাইনে পাওয়া নিবন্ধনসংক্রান্ত ছবিতে দেখা গেছে, এটি চীনে তৈরি একটি হালকা উড়োজাহাজ, যা একটি স্থানীয় সাধারণ বিমান চলাচল প্রতিষ্ঠানের মালিকানাধীন।
অন্যদিকে, অনলাইনে প্রকাশিত ফ্লাইটরাডার২৪-এর যাচাই-বাছাই না করা তথ্য বলছে, দুর্ঘটনার আগে উড়োজাহাজটির গতিপথে অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছিলো। তবে এ তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি চীনের স্টারএয়ার এয়ারক্রাফট কোম্পানির তৈরি দুই আসনের একক ইঞ্জিনবিশিষ্ট একটি হালকা বিমান।
উল্লেখ্য, ২০১৮ সালের শেষ দিকে নির্মিত সিআইটিআইসি টাওয়ার চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশনের (সিআইটিআইসি) সদর দপ্তর। ৫২৮ মিটার উচ্চতার এ ভবনটি বর্তমানে বেইজিংয়ের সর্বোচ্চ স্থাপনা এবং চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত।
সবার দেশ/কেএম




























