Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ২৭ জুন ২০২৬

ছয় দেশের দায়িত্বে ছয় আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার দাপট

বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার দাপট
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সুনাম শুধু কিংবদন্তি ফুটবলার তৈরির দেশ হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে বিশ্বমানের কোচ তৈরির ক্ষেত্রেও তারা নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে সে আধিপত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। ৪৮ দলের এ আসরে সর্বোচ্চ ছয়জন আর্জেন্টাইন প্রধান কোচ নেতৃত্ব দিচ্ছেন ছয়টি ভিন্ন জাতীয় দলকে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটেও যেন দেখা যাচ্ছে ‘আর্জেন্টাইন রাজত্ব’।

এ ছয় কোচ হলেন—আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, যুক্তরাষ্ট্রের মাউরিসিও পোচেত্তিনো, কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে এবং প্যারাগুয়ের গুস্তাভো আলফারো। বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে এক দেশের এতজন কোচের উপস্থিতি আর্জেন্টাইন ফুটবলের কোচিং দর্শনের বৈশ্বিক প্রভাবকেই তুলে ধরছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপজয়ী এ কোচের অধীনে এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে আগেভাগেই শেষ বত্রিশ নিশ্চিত করেছে তারা। দলের কৌশলগত নমনীয়তা, ম্যাচভেদে পরিকল্পনা বদলের দক্ষতা এবং লিওনেল মেসিকে ঘিরে কার্যকর আক্রমণভাগ গড়ে তোলার জন্য ব্যাপক প্রশংসা পাচ্ছেন স্কালোনি।

একইভাবে দারুণ সময় পার করছে নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া। উজবেকিস্তান ও ডিআর কঙ্গোর বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়ে সবার আগে নকআউট নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি। কয়েক বছর ধরেই লরেঞ্জোর অধীনে সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলছে কলম্বিয়া, যার ধারাবাহিকতা বজায় রয়েছে বিশ্বকাপেও।

আর্জেন্টাইন কোচদের সাফল্যের তালিকায় নতুন মাত্রা যোগ করেছেন সেবাস্তিয়ান বেকাসেসে। আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে ড্র করে হতাশাজনক শুরু করলেও গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে ইকুয়েডর। সে জয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউটে জায়গা করে নেয় তারা। ম্যাচ শেষে বেকাসেসে এটিকে ইকুয়েডরের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে স্মরণীয় জয় বলে উল্লেখ করেন।

স্বাগতিক যুক্তরাষ্ট্রের দায়িত্বে থাকা মাউরিসিও পোচেত্তিনোও নিজের প্রথম বিশ্বকাপেই দলকে সফলভাবে শেষ বত্রিশে তুলেছেন। গ্রুপের শেষ ম্যাচে তুরস্কের কাছে হারলেও ততক্ষণে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের। তাই ওই হারকে গুরুত্ব না দিয়ে পোচেত্তিনো বলেন, তাদের মূল লক্ষ্য ছিলো গ্রুপসেরা হয়ে নকআউটে ওঠা, আর সেটিই অর্জন করেছে দল।

অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা প্যারাগুয়ের দায়িত্বে থাকা গুস্তাভো আলফারোও প্রশংসা কুড়াচ্ছেন। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে বিশ্বকাপে তোলার পর মূল আসরেও শৃঙ্খলাবদ্ধ ও রক্ষণভিত্তিক ফুটবলে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার দল। তবে নকআউটে উঠতে শেষ গ্রুপ ম্যাচে ইতিবাচক ফল প্রয়োজন প্যারাগুয়ের।

ছয় আর্জেন্টাইন কোচের মধ্যে সবচেয়ে কঠিন অবস্থানে রয়েছেন অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা। আক্রমণাত্মক ফুটবলের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত এ কোচের উরুগুয়ে প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করে। ফলে তাদের নকআউটের ভাগ্য নির্ভর করছে শেষ ম্যাচের ফলের ওপর। তবুও বিয়েলসার অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতার ওপর আস্থা রাখছেন উরুগুয়ের সমর্থকেরা।

এখন পর্যন্ত ছয় আর্জেন্টাইন কোচের মধ্যে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা, নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া, সেবাস্তিয়ান বেকাসেসের ইকুয়েডর এবং মাউরিসিও পোচেত্তিনোর যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। অন্যদিকে গুস্তাভো আলফারোর প্যারাগুয়ে এবং মার্সেলো বিয়েলসার উরুগুয়ের ভাগ্য নির্ধারিত হবে শেষ গ্রুপ ম্যাচের ফলাফলে।

বিশ্বকাপের এ চিত্র আবারও প্রমাণ করছে, আর্জেন্টিনা শুধু বিশ্বমানের ফুটবলারই তৈরি করছে না, বরং আধুনিক ফুটবলের সফল কোচ তৈরির ক্ষেত্রেও অন্যতম শক্তিধর দেশে পরিণত হয়েছে। মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স যেমন আলো ছড়াচ্ছে, তেমনি ডাগআউটে আর্জেন্টাইন কোচদের কৌশল, নেতৃত্ব ও দর্শনও বিশ্ব ফুটবলে নতুন করে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট