একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
বছরের শেষ মাস ডিসেম্বরেই চাকরিজীবীদের জন্য আসছে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ। মাত্র এক দিনের বাড়তি ছুটি নিতে পারলেই সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন কর্মজীবীরা।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার স্বাভাবিক কর্মদিবস। তবে এদিন এক দিনের নৈমিত্তিক বা বার্ষিক ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
ছুটির হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের সাধারণ ছুটির পর ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের বাড়তি ছুটি নিতে হবে। এরপর ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন কর্মস্থলের বাইরে থাকার সুযোগ পাবেন চাকরিজীবীরা।
বছরের শেষ দিকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া কিংবা অবকাশ যাপনের পরিকল্পনা করেন। বিশেষ করে দীর্ঘ কর্মব্যস্ততার পর কয়েক দিনের ছুটি পেলে অনেকেই ঢাকার বাইরে ভ্রমণের সুযোগ খোঁজেন। এ কারণে ডিসেম্বরের এ ছুটির সমীকরণ ভ্রমণপ্রেমীদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসতে পারে।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও এ ছুটি হতে পারে বছরের শেষ ভাগে স্বস্তির সুযোগ। তবে এক দিনের বাড়তি ছুটি পাওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদনের ওপর।
সবার দেশ/কেএম




























