সাংবাদিকদের প্রবেশে বাধা থাকবে না
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে জারি করা নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক সমালোচনার পর তা শিথিল করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে আর বাধা থাকবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে রোববার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় নির্বাচনে নির্দিষ্ট কয়েকজন ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।
চিঠিতে উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুইজন সদস্য মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন।
এ নির্দেশনা ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা জারির পর রাজনৈতিক দল ও সাংবাদিক মহলে সমালোচনা তৈরি হয়। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের মোবাইল ব্যবহার সীমিত করার সিদ্ধান্তকে সংবাদ সংগ্রহে বাধা হিসেবে দেখা হয়।
এ প্রেক্ষাপটে ইসি সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধিত নির্দেশনা দেয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সবার দেশ/কেএম




























