Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপির নেতাকর্মীরা—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের অনেক নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ বর্তমানে বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা এবং তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলায় বিএনপি সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন-পালন করছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদও এখন বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, সরকার বিরোধী দলের কর্মকাণ্ডের ওপর নজর রাখতে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় রাখলেও আওয়ামী লীগের বিষয়ে একই ধরনের তৎপরতা দেখাচ্ছে না। বিরোধী দল কোথায় যাচ্ছে, কী করছে এবং কী বলছে, তা জানতে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। অথচ ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও তাদের পরিকল্পনা সম্পর্কে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। সময়মতো পরিকল্পনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে না পারায় শিল্প খাতে বর্তমান অস্থিরতা তৈরি হয়েছে।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকারের আট মাসের কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে সরকার পরিচালনায় বিএনপির ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। একটি আন্দোলন কীভাবে মোকাবিলা করতে হয়, তা বিএনপি না পারলে দায়িত্ব এনসিপিকে দিতে পারে।

অন্তর্বর্তী সরকারের সময়ে তারা প্রায় ৫০০টি আন্দোলন সমঝোতার মাধ্যমে মোকাবিলা করেছেন বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক। তার মতে, জনগণের আস্থা থাকলে সরকারের পক্ষে আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাধান করা সম্ভব। কিন্তু বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থার সংকট রয়েছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি এবং নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা অঙ্গীকারগুলো সরকার এখনও বাস্তবায়ন করেনি। ফলে সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ও আস্থার জায়গায় ঘাটতি তৈরি হয়েছে।

শ্রমিক আন্দোলনে বিএনপির আগের ও বর্তমান অবস্থানের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলে থাকার সময় বিএনপি শ্রমিক আন্দোলনে উৎসাহ দিয়েছিলো। কিন্তু সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শ্রমিকদের বেতন কাঠামোর কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করছে। এ কারণে শ্রমিকদের মধ্যেও বিএনপির প্রতি আস্থা কমেছে।

তবে তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শ্রমিকদের ন্যায্য দাবির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে সহিংসতা বা সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হোক, তা তারা চান না। শ্রমিকদের কল্যাণে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ
‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত’
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
কাতার বিমানবন্দরে বিদেশিদের ভিড়, ছড়ালো দেশ ছাড়ার গুজব
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শিক্ষার্থীদের তালা ভেঙে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো ছাত্রদল
পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের ৫ নির্দেশনা ইরানের
চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০