Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
ছবি: সংগৃহীত

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও চার সহসভাপতি। বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফার অর্থায়ন এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার নিয়ে আলোচনা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টার আলোচনায় ফিফার ফরোয়ার্ড কর্মসূচির আওতায় বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহারসহ বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পায়।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফার ফরোয়ার্ড কর্মসূচির অর্থায়ন এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের অগ্রগতি নিয়ে ফিফা সভাপতির সঙ্গে তাঁদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তাবিথ আউয়াল বলেন, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিলো ফিফার ফরোয়ার্ড কর্মসূচির আওতায় আটকে থাকা তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। দেশের ফুটবলের উন্নয়নে এ অর্থ কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

বাফুফে সভাপতি জানান, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সরকারের নেয়া দুটি উদ্যোগের কথা শুনে জিয়ান্নি ইনফান্তিনো আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই বিদ্যালয়ে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা।

বাফুফের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে। বিদ্যালয়ভিত্তিক খেলাধুলার প্রসার ঘটলে ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সুযোগও বাড়বে।

বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের ফুটবলের সঙ্গে আরও সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মাঠে টানতে আরও বেশি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। প্রবাসীদের অংশগ্রহণ ও সমর্থন বাড়লে দেশের ফুটবলের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে বাফুফে।

বৈঠক শেষে দুপুর ২টা ৫০ মিনিটে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তার দুই দিন অবস্থান করার কথা রয়েছে।

ভুটান সফর শেষে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কংগ্রেসে যোগ দিতে যাওয়ার পথে আবারও ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন ইনফান্তিনো। তবে সে সময় বিমানবন্দর থেকে সরাসরি সংযোগকারী ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা