Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ২৫ নভেম্বর ২০২৬

মালিককে দিতে হয় ১০ হাজার

রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা 

রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা 
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চালিয়ে একজন চালক মাসে গড়ে ২৯ হাজার টাকা আয় করেন। তবে এ আয়ের বড় একটি অংশ চলে যায় রিকশার মালিকের জমা পরিশোধে। মাসে গড়ে ১০ হাজার ৩২৩ টাকা মালিককে দিতে হয় চালকদের। অর্থাৎ তাদের মোট আয়ের ৩৮ দশমিক ৬ শতাংশই ব্যয় হয় রিকশা ভাড়া বাবদ। ফলে মাসজুড়ে পরিশ্রম করেও আয়ের উল্লেখযোগ্য অংশ নিজেদের হাতে রাখতে পারছেন না চালকেরা।

ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা : জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনায় গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এ সময় ব্যাটারিচালিত রিকশা খাতের বর্তমান অবস্থা, চালকদের আর্থসামাজিক বাস্তবতা, সড়ক নিরাপত্তা এবং এ খাতকে নিয়মের মধ্যে আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণাটি ঢাকা ও বরিশালের মোট ৪৫০ জন সক্রিয় চালকের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর মধ্যে ঢাকার ৩০০ জন এবং বরিশালের ১৫০ জন চালক অংশ নেন। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৯৫ দশমিক ৬ শতাংশের কোনও লাইসেন্স বা অনুমতিপত্র নেই। অন্যদিকে, ৭৮ দশমিক ২ শতাংশ চালক নিজের রিকশা না থাকায় ভাড়ায় রিকশা চালান। তাদের উপার্জনের বড় অংশ মালিককে জমা দিতে হয়। ফলে আয় ও ব্যয়ের হিসাব শেষে পরিবারের জন্য খুব বেশি অর্থ সঞ্চয় করার সুযোগ থাকে না।

চালকদের আর্থিক নিরাপত্তার চিত্রও উঠে এসেছে গবেষণায়। এতে দেখা গেছে, আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের খরচ চালাতে পারবেন না। অর্থাৎ প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভর করেই চলে তাদের সংসার। কোনও কারণে রিকশা চালানো বন্ধ হয়ে গেলে কিংবা দুর্ঘটনা ও অসুস্থতার শিকার হলে পরিবারগুলো দ্রুত আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়ার আগে চালকদের জীবন-জীবিকা ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাদের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ঝুঁকি কমাতে এ খাতকে অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। তবে হঠাৎ করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করলে বিপুলসংখ্যক চালক ও তাদের পরিবার জীবিকার সংকটে পড়তে পারেন। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সামর্থ্য বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে পরিবর্তন আনতে হবে।

গবেষণায় আরও দেখা গেছে, জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। অর্থাৎ এ খাতে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য। চালকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচল নিরাপদ করাও জরুরি বলে গবেষণায় গুরুত্ব দেয়া হয়েছে।

ব্যাটারিচালিত রিকশার কার্যক্রম পরিচালনায় গ্যারেজগুলোর ওপর চালকদের ব্যাপক নির্ভরতা রয়েছে। এসব গ্যারেজ থেকে চালকেরা রিকশা ভাড়া নেন। পাশাপাশি ব্যাটারি চার্জ, ব্যাটারি পরিবর্তন, মেরামত এবং প্রয়োজনের সময় ঋণসহায়তাও পেয়ে থাকেন। দুর্ঘটনা কিংবা জরিমানার মুখে পড়লে অনেক ক্ষেত্রে গ্যারেজ মালিকেরা চালকদের সহায়তা করেন।

তবে গ্যারেজকেন্দ্রিক এ ব্যবস্থায় বেশ কিছু সমস্যাও রয়েছে। অনেক গ্যারেজে অনিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয়। কোথাও কোথাও সরকারি জায়গা দখল করে গ্যারেজ পরিচালনার অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। ফলে শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, ব্যাটারি উৎপাদন, ব্যবহার, চার্জিং ও বর্জ্য ব্যবস্থাপনাকেও একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে গবেষণায়।

গবেষণায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের প্রণীত ২০২৬ সালের ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ এ খাতকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিধিমালা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

এ খাতের সংস্কারে কয়েকটি সুপারিশও তুলে ধরেছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার ন্যূনতম নিরাপত্তামান নির্ধারণ, চলাচলের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা এবং সড়ক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা তৈরি করা। পাশাপাশি যানবাহন রূপান্তর, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং ব্যবস্থা, বীমা ও লাইসেন্সিংয়ের খরচ চালক এবং মালিকদের আর্থিক সামর্থ্যের মধ্যে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

গবেষকদের মতে, নতুন ব্যবস্থাপনা চালু করতে গিয়ে বিদ্যমান গ্যারেজ ও সেবা নেটওয়ার্ককে বাদ দেয়া ঠিক হবে না। বরং এসব গ্যারেজকে নতুন নিয়মের আওতায় এনে চার্জিং, মেরামত ও অন্যান্য সেবা কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে। এতে একদিকে যেমন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে, অন্যদিকে এ খাতের সঙ্গে যুক্ত মানুষের জীবিকার ওপর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব হবে।

ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদে নিষ্পত্তি এবং পরিবেশসম্মত উপায়ে পুনর্ব্যবহারের ব্যবস্থাও গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের অপচয় ও পরিবেশদূষণ কমাতে পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে। এ ক্ষেত্রে ন্যায্য রূপান্তর নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা করা যেতে পারে। এর মাধ্যমে চালক ও তাদের পরিবারের জীবিকার ক্ষতি কমিয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হবে। হঠাৎ কোনও সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরিকল্পিতভাবে এ খাতের উন্নয়ন করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের অধিকার যেমন রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার এবং কাজ করার অধিকার রয়েছে। নগরের যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা ও আবর্জনার সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই একটি বিষয়কে আলাদা করে সমাধানের চেষ্টা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।

তিনি বলেন, ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সব পক্ষকে সঙ্গে করে পরিকল্পনা করতে হবে। নগরের পরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হলে সাধারণ মানুষ এবং জীবিকার জন্য এ খাতের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বার্থও বিবেচনায় রাখা প্রয়োজন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তারা অটোরিকশা কিংবা রিকশাচালকদের বিপক্ষে নন। চালকদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে এসব যানবাহন নিয়মের মধ্যে আনা গেলে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, অবৈধ অবস্থা থেকে ব্যাটারিচালিত রিকশাকে বৈধতার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। নিয়মের মধ্যে পরিচালিত হলে এ খাতের সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সহজ হবে।

বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। যেকোনও দুর্ঘটনা কিংবা হয়রানির শিকার হলে তারা আবারও দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন। তাই এ খাতের পরিবর্তনের ক্ষেত্রে চালকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, পথচারীদের মতো ব্যাটারিচালিত রিকশাচালকেরাও এ দেশের নাগরিক। নগরের পরিবহন ব্যবস্থাপনায় সবার অধিকার ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে। এ খাতের পরিবর্তন যেন চালক ও তাদের পরিবারের জীবিকাকে বিপন্ন না করে, সে জন্য ন্যায্য ও সহজ রূপান্তর নিশ্চিত করা প্রয়োজন।

গবেষণার সামগ্রিক পর্যবেক্ষণে বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশা এখন শুধু নগরের পরিবহন ব্যবস্থার অংশ নয়, বিপুলসংখ্যক মানুষের জীবিকারও উৎস। ফলে সড়ক নিরাপত্তা, যানজট ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি এ খাতের সঙ্গে যুক্ত চালক, মালিক ও অন্যান্য কর্মীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পরিকল্পিত সংস্কার প্রয়োজন। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ এবং পর্যায়ক্রমিক বাস্তবায়নের মাধ্যমেই এ খাতে টেকসই পরিবর্তন আনা সম্ভব।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী