Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ২৫ নভেম্বর ২০২৬

ছক্কার তাণ্ডবে রেকর্ডবুক তছনছ সূর্যবংশীর

৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড

৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

বয়স মাত্র ১৫ বছর। অথচ ব্যাট হাতে এমন এক কীর্তি গড়েছেন বৈভব সূর্যবংশী, যা রীতিমতো অবিশ্বাস্য। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর ছক্কার ঝড় তুলে মাত্র ৫২ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ভারতের এ তরুণ ওপেনার। তার ব্যাটিং তাণ্ডবে এক ম্যাচেই ভেঙে গেছে একাধিক বিশ্বরেকর্ড।

কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এ কীর্তি গড়েন সূর্যবংশী। মাত্র ৫২ বলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৭টি চার ও ২৮টি ছক্কা। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিলো ৩৮৪.৯১।

ম্যাচে প্রথমে ব্যাট করে হারপ্রিত সিংয়ের ১৩০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে জয় নিশ্চিত করে ভারত ‘এ’ দল।

দলকে জেতানোর পথে মাত্র ২৮ বলে শতরান পূর্ণ করেন সূর্যবংশী। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০২৩ সালে মার্শ কাপে ২৯ বলে শতরান করেছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।

এরপর মাত্র ৪০ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি এ ওপেনার। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের রেকর্ডও নিজের করে নেন তিনি। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড়শ রান করে আগের রেকর্ড গড়েছিলেন সূর্যবংশী নিজেই।

তবে দেড়শ রান পেরিয়েও থামেননি ১৫ বছর বয়সী এ ব্যাটার। একের পর এক ছক্কা হাঁকিয়ে মাত্র ৫২ বলেই পূর্ণ করেন দ্বিশতক। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেন তিনি। এর আগে এ রেকর্ড ছিলো চ্যাড বোয়েসের দখলে। ২০২৪ সালে ফোর্ড ট্রফিতে ১০৩ বলে দ্বিশতক করেছিলেন নিউজিল্যান্ডের এ ব্যাটার।

বোয়েসের রেকর্ড ভাঙার পরই সাজঘরে ফেরেন সূর্যবংশী। তবে তার ২৮টি ছক্কাই নতুন ইতিহাস গড়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এর আগে এত বেশি ছক্কা মারার নজির ছিলো না। আগের রেকর্ডটি ছিলো ডি’আর্সি শর্টের ২৩ ছক্কার।

শুধু লিস্ট ‘এ’ ক্রিকেটেই নয়, স্বীকৃত ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন সূর্যবংশী। এর আগে ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ২৬টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন তন্ময় আগারওয়াল। সূর্যবংশী তাকে ছাড়িয়ে গেছেন আরও দুই ছক্কায়।

এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে শতরান করা ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও এখন এ তরুণের দখলে। ২০৪ রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিলো ৩৮৪.৯১। এর আগে এ রেকর্ড ছিলো দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিলো ৩৩৮.৬৩।

মাত্র ১৫ বছর বয়সে এক ইনিংসে এতগুলো রেকর্ড গড়ে বৈভব সূর্যবংশী যে নজির স্থাপন করলেন, তা তরুণ ক্রিকেটারদের মধ্যে বিরল এক কীর্তি হয়ে থাকবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী