Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১৩:০১, ১ সেপ্টেম্বর ২০২৬

ধসে পড়েছে কারখানাসহ ৫–৬টি বাড়ি

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সব মিলিয়ে ১৮ জনের বেশি আহত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) পিপরী থানা এলাকার মনোড়ী গ্রামের একটি বাজি কারখানায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে কারখানাটির পাশাপাশি আশপাশের পাঁচ থেকে ছয়টি বাড়িও ধসে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে দিল্লি-হাওড়া রেলপথে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়।

কৌশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানান, আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত পাঁচজনকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের মধ্যে শিশুও

কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, নিহতদের সবাই কারখানাটির আশপাশের এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

নিহতরা হলেন—প্রিয়াঞ্জলী (৫), প্রবীণ সিং (১৩), জাহ্নবী (১২), আদিত্য (১২), আদিত্য (৮), রবি (৮), অঞ্জু (৩২), জ্ঞান সিং (৪০), বিক্রম সরোজ (৩৫), অংশ (৬) ও নানা (৪)।

বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রেল চলাচলে বিপর্যয়

বিস্ফোরণের তীব্রতায় দিল্লি-হাওড়া রেলপথের একটি অংশে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

আজমের-শিয়ালদহ এক্সপ্রেসকে মনোড়ী স্টেশনে ফিরিয়ে নেয়া হয়। অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেসকে সাইয়াদ সারওয়ান স্টেশনে থামিয়ে দেয়া হয়।

প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি পর্যালোচনা করে রেল চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়।

ধ্বংসস্তূপে ব্যাপক উদ্ধার অভিযান

ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ভারতীয় বিমানবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

অর্ধশতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরাতে ১০টি বুলডোজার ও খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

বিস্ফোরণের কারণে এলাকার বিদ্যুৎব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে।

মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা ঘোষণা

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

কীভাবে বিস্ফোরণ, তদন্ত শুরু

বাজি কারখানাটিতে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

কারখানাটিতে বিপজ্জনক দাহ্য পদার্থ ও বিস্ফোরক কীভাবে সংরক্ষণ করা হচ্ছিলো, নিরাপত্তাবিধি মানা হয়েছিলো কি না এবং কারখানাটির অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিলো কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় আসতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত