Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ১ সেপ্টেম্বর ২০২৬

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না

বরযাত্রীর গাড়ি থামিয়ে তুলে নেয়ার অভিযোগ ছাত্রদল কর্মীর, ভিডিও বার্তায় তামান্না বললেন—‘এহন যদি যাইও, মান-সম্মান ফিরব না’

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন নববধূ তামান্না আক্তার। কিন্তু পথেই থেমে যায় বরযাত্রীর গাড়ি। একদল যুবক গাড়ির গতিরোধ করে হামলা ও ভাঙচুর চালিয়ে নববধূকে তুলে নিয়ে যায়—এমন অভিযোগ উঠেছে আতিকুর রহমান মিয়াদ নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।

ঘটনার একদিন পর সোমবার রাতে একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান জানিয়েছেন তামান্না। তার বক্তব্যে ঘটনার বিষয়ে নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তিনি বলেছেন, যেভাবেই সেখানে গিয়ে থাকুন না কেনো, এখন আর ফিরে যেতে চান না। সেখানেই থাকবেন তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, নববধূকে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি স্বেচ্ছায় গেছেন, নাকি জোরপূর্বক নেয়া হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাজারে গাড়ির গতিরোধ

রোববার (৩০ আগস্ট) রাতে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তামান্নাকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন বর ও বরযাত্রীরা। তারা হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন।

অভিযোগ রয়েছে, চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে ওই যুবকেরা গাড়িতে হামলা ও ভাঙচুর করেন। একপর্যায়ে তামান্নাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে ঠিক কী ঘটেছিলো, নববধূকে কীভাবে গাড়ি থেকে নেয়া হয় এবং সেখানে তার সম্মতি ছিলো কি না—এসব বিষয়ে এখনো পুলিশের তদন্ত শেষ হয়নি।

সামনে এলো পুরোনো প্রেমের দাবি

ঘটনার পর তামান্না ও আতিকুর রহমান মিয়াদের কথিত দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের বিষয়টিও আলোচনায় আসে। স্থানীয় কয়েকজনের দাবি, তাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিলো।

তবে এ দাবির স্বাধীন কোনও যাচাই পাওয়া যায়নি। একইভাবে ঘটনার সময় তামান্নার সম্মতি ছিলো কি না, সেটিও এখনও নিশ্চিত নয়।

ভিডিও বার্তায় তামান্না

সোমবার রাতে প্রকাশিত ভিডিও বার্তায় তামান্নাকে একটি কক্ষে বসে কথা বলতে দেখা যায়। তার দুই পাশে ছয়জন নারী এবং সামনে একজন পুরুষ বসা ছিলেন। কক্ষটির দরজার পাশে অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে তামান্না বলেন—

আমি যেমনেই আইছি, জোর কইরা হউক, নিজের ইচ্ছায় হউক, যেমনেই হউক। আইছিতো আইছিই। এহন যদি যাইগাও, গেলেও তো আমার মান-সম্মান ফিরা আইতো না, আমার বাপ-মার মান-সম্মানও ফিরা আইতো না। গেইলেও কোনো লাভ নাই। আমি আইছি, এনেই থাকবাম।

তামান্নার এ বক্তব্যের পর ঘটনাটির প্রকৃত ধরন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ফেসবুকে মিয়াদের পোস্ট

ঘটনার পর অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, 

জীবনে আর কিছু চাওয়ার নাই..।

তবে ওই পোস্টের প্রেক্ষাপট বা ঘটনার বিষয়ে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের হাতে লিখিত অভিযোগ

হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে নববধূকে নিয়ে যাওয়া হয়েছে এবং এর পেছনে কী ঘটেছিলো—সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখনও কাটেনি রহস্য

তামান্নার ভিডিও বার্তা প্রকাশের পরও ঘটনার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর মেলেনি।

তিনি বর্তমানে কোথায় আছেন? তাকে সেখানে কীভাবে নেয়া হয়েছে? তিনি কি নিজের ইচ্ছায় সেখানে গেছেন, নাকি তাকে জোরপূর্বক নেয়া হয়েছিলো? গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত?

এসব প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

পুলিশের ভাষ্য, তামান্নার অবস্থান, তার সঙ্গে কথা বলা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র পরিষ্কার হবে।

বিয়ের পর একজন নববধূকে বরযাত্রীর গাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে চাঞ্চল্যকর ঘটনার আড়ালে প্রকৃত ঘটনা কী—প্রেমের সম্পর্কের জের, স্বেচ্ছায় চলে যাওয়া, নাকি জোরপূর্বক নিয়ে যাওয়া—তার উত্তর এখন পুলিশের তদন্তের ওপরই নির্ভর করছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ