আ.লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দিন পাটওয়ারী
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তি আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতা গোপন বৈঠকে জামায়াতকে মোকাবিলার জন্য আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কথা বলেন বলে তিনি দাবি করেন। এ ধরনের কৌশলকে সমালোচনা করে তিনি বলেন, বড় দলগুলোকে রাজনৈতিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অতীতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করেছে বলে অভিযোগ রয়েছে। ভবিষ্যতে এমন কোনও প্রচেষ্টা হলে তার জবাব রাজপথে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তরুণদের নিয়ে বাজেট ও নীতিনির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তার মতে, তরুণদের যথাযথভাবে কাজে লাগানো না গেলে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে।
নাসীরুদ্দিন পাটওয়ারী আরও বলেন, অতীতে যে কারণে আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়েছে, একই ধরনের রাজনৈতিক ধারা অন্য দলের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তাই নতুন প্রজন্মকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করার ওপর তিনি জোর দেন।
সবার দেশ/কেএম




























