Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:১৭, ৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা

কারামুক্ত হয়ে ফের নির্বাচনী মাঠে ফিরছেন আইভী

কারামুক্ত হয়ে ফের নির্বাচনী মাঠে ফিরছেন আইভী
ছবি: সংগৃহীত

প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির পর তিনি আবারও নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার আইনজীবী জানিয়েছেন, আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে আইভীর।

কারা কর্তৃপক্ষ জানায়, জামিনসংক্রান্ত সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর কোনও আইনি বাধা ছিলো না।

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ জানান, বিভিন্ন আদালতের নির্দেশনা ও জামিন আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেয়া হয়। অন্য কোনও আটকাদেশ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় আইভীকে। এরপর তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। প্রায় এক বছরেরও বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন।

মুক্তির সময় কারাগার ফটকে তার পরিবারের সদস্য ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। তবে কারাগার থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি এবং সরাসরি গাড়িতে উঠে চলে যান।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিলো বলে তারা মনে করেন। তিনি জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ আদালতের বিভিন্ন বেঞ্চ থেকে পাওয়া জামিন আদেশের ধারাবাহিকতায় তার মুক্তি সম্ভব হয়েছে।

আইনজীবী আরও বলেন, আইভী আইনি লড়াই অব্যাহত রাখবেন এবং একই সঙ্গে আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলার বিভিন্ন পর্যায়ে হাইকোর্ট থেকে জামিন দেয়া হলেও পরে রাষ্ট্রপক্ষের আবেদনে স্থগিতাদেশ ও শুনানির প্রক্রিয়া চলতে থাকে। শেষ পর্যন্ত আপিল বিভাগ একাধিক মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিন দফায় তিনি মেয়র নির্বাচিত হন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা