ঝিনাইদহ জনসভায় বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নারীর মর্যাদা রক্ষা ও অতীত অন্যায়ের বিচার নিশ্চিত করবো
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারীর মর্যাদা সর্বোচ্চভাবে রক্ষা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নারীদের প্রতি কেউ কুদৃষ্টিতে তাকালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির নারীদের অবর্ণনীয় ত্যাগের কথা উল্লেখ করে বলেন, মায়েদের ঋণ শোধ করার ক্ষমতা তাদের নেই, তবে যারা মায়ের প্রতি খারাপ দৃষ্টিপাত করবে, তাদের চোখ উপড়ে ফেলা হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা বিগত আন্দোলনে স্বামী, স্ত্রী, সন্তান, বোন ও বাবাকে হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। তিনি বলেন, অনেককে তুলে নিয়ে হত্যা করা হয়েছে, যার অপরাধ ছিলো শুধুমাত্র অপশাসনের বিরুদ্ধে কথা বলা। তিনি জানান, তিনি নিজে জীবন ঝুঁকিতে রেখে এ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আহাজারি সহ্য করতে পারেননি।
জনসভায় তিনি অতীতের চাঁদাবাজি ও পকেটমারির ঘটনাও উল্লেখ করে বলেন, সন্তানদের রক্তের বিনিময়ে আন্দোলন করেছেন। সে ত্যাগকে আমরা সম্মান জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি যেনো এ ধরনের অন্যায় আর ফিরে না আসে।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের জোট প্রার্থী মাওলানা আলী আজম মো. আবু বকর। এছাড়া ঝিনাইদহ-১, ৩ ও ৪ আসনের প্রার্থীরাও বক্তব্য রাখেন।
ডা. শফিকুর রহমানের এ বক্তৃতায় নারীর মর্যাদা রক্ষা, অতীত অন্যায়ের প্রতিশোধ এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি প্রধান বিষয় হিসেবে উঠে এসেছে।
সবার দেশ/কেএম




























