রামগঞ্জে নাহিদ ইসলামের কড়া হুঁশিয়ারি
তাহাজ্জুদের নাম করে ভোটকেন্দ্র দখলের অভিযোগ
ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমতাসীন একটি দলের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তাহাজ্জুদের কথা বলে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বানের আড়ালে সিল মারার ষড়যন্ত্র করা হচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, একটি দল অন্য সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে নিজের ভেতরে নিয়ে নিয়েছে। সে দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা থেকেই সমালোচনার ভাষায় কথা বলেছেন। তিনি বলেন, তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে থাকার কথা বলা হচ্ছে। তাহাজ্জুদের পর তারা সিল মারার পরিকল্পনা করছে। ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে। তবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ১১ দলীয় জোট প্রস্তুত থাকবে। বোনেরা, মায়েরা এবং সাধারণ মানুষ যেনো নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য ভোটকেন্দ্র পাহারা দেয়া হবে। যারা বাধা হয়ে দাঁড়াবে কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের কাতারে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি।
তিনি বলেন, সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যেই ১১ দলীয় জোট গঠিত হয়েছে। দেশের এ সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক শক্তি একত্রিত হয়েছে। এ ঐক্য দেশের প্রয়োজনে, দেশ রক্ষায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অপরিহার্য।
পদযাত্রা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
সবার দেশ/কেএম




























