Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ৬ মার্চ ২০২৬

প্রধান লক্ষ্য ছিলেন ড. ইউনূস

দেড় বছরে অন্তর্বর্তী সরকারকে ঘিরে ৮৮৮ গুজব

দেড় বছরে অন্তর্বর্তী সরকারকে ঘিরে ৮৮৮ গুজব
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ নেয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়। তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকার ও এর উপদেষ্টাদের ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়তে থাকে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের পর্যালোচনায় দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের দায়িত্বকালজুড়ে সরকার, উপদেষ্টা পরিষদ ও প্রেস উইংকে ঘিরে মোট ৮৮৮টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। একই সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে ছড়ানো হয়েছে আরও ৩৬৪টি অপতথ্য।

সরকার গঠনের পরদিনই গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার নাকি ছয় বছর ক্ষমতায় থাকবে। এ দাবিকে বিশ্বাসযোগ্য করে তুলতে কয়েকটি মূলধারার গণমাধ্যমের নামও ব্যবহার করা হয়। কিন্তু পরে রিউমর স্ক্যানারের যাচাইয়ে দেখা যায়, সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো এমন কোনও তথ্য প্রকাশ করেনি।

দায়িত্বে থাকাকালীন সময়ে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর প্রচারণার মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে তার পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুঞ্জন ছড়ায়। সে সময় মাত্র চার দিনের মধ্যেই এ ইস্যুতে অন্তত ১৬টি ভুয়া তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার। পুরো দেড় বছরে তাকে ঘিরে পদত্যাগসংক্রান্ত অন্তত ২৫টি অপতথ্য প্রচার করা হয়।

এ অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়েছে। কখনও ব্লগস্পটের ফ্রি ডোমেইন ব্যবহার করে ভুয়া সংবাদ তৈরি করা হয়েছে, কখনও পুরোনো আন্দোলনের ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়ানো হয়েছে। এমনকি ভুয়া পদত্যাগপত্র বা ডিপফেক ভিডিও ব্যবহার করেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে।

শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, ড. ইউনূসের ব্যক্তিগত জীবন ও পরিবারের সদস্যদের নিয়েও অপতথ্য ছড়ানো হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, সেটিতে ড. ইউনূসের মেয়ে মনিকা ইউনূস মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন। পরে যাচাই করে দেখা যায়, ভিডিওতে থাকা ব্যক্তি ভিন্ন একজন নারী। এমনকি একটি ভারতীয় গণমাধ্যম তাকে ড. ইউনূসের সাবেক স্ত্রী বলেও দাবি করে। একইভাবে তার আরেক মেয়ে দিনা আফরোজ ইউনূসকে তার স্ত্রী হিসেবে প্রচারের ঘটনাও ধরা পড়ে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও ব্যাপক অপতথ্য ছড়ানো হয়েছে। রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, সরকারের ২১ জন উপদেষ্টাকে ঘিরে মোট ২৩১টি ভুল তথ্য শনাক্ত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তাকে নিয়ে ৬৭টি ভুল তথ্য ছড়ানো হয়। এর একটি বড় অংশ ছিলো ভুয়া ফটোকার্ডের মাধ্যমে ছড়ানো অপপ্রচার। এমন একটি ফটোকার্ডে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন প্রবাসীদের ৬০ দিনের বেশি দেশে থাকার প্রয়োজন নেই। এ পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রায় দেড় মিলিয়ন বার দেখা হয়। পরে যাচাইয়ে দেখা যায়, তিনি এমন কোনও মন্তব্য করেননি।

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকেও নিয়ে ৩১টি ভুল তথ্য ছড়ানো হয়, যার প্রায় ৯৪ শতাংশই ছিলো নেতিবাচক প্রচারণা। একই সময়ে ভারতীয় কিছু গণমাধ্যমে তাকে জড়িয়ে ‘হিন্দু নিধন’ সংক্রান্ত অপপ্রচারও ছড়ানো হয়।

নারী উপদেষ্টারাও অপপ্রচারের বড় লক্ষ্যবস্তু ছিলেন। সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম ও শারমীন এস মুরশিদ—এ চারজনকে ঘিরে মোট ৩০টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬টি ছিলো সৈয়দা রিজওয়ানা হাসানকে কেন্দ্র করে। তাকে নিয়ে আপত্তিকর ভুয়া কনটেন্ট ছড়ানোর ঘটনাও ঘটে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনকেও নিয়ে অন্তত ১১টি ভুল তথ্য ছড়ানো হয়। এর মধ্যে কয়েকটি ক্ষেত্রে তার নামে চালু থাকা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের পোস্টকে তার প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হয়।

জুলাই আন্দোলনের তরুণ মুখ হিসেবে সরকারে আসা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকেও ব্যাপক অপপ্রচারের মুখে পড়তে হয়। তাদের তিনজনকে নিয়ে মোট ৫৬টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভুয়া ফটোকার্ড, এআই কনটেন্ট, সম্পাদিত ছবি ও অপ্রাসঙ্গিক ভিডিও ব্যবহার করে তার বিরুদ্ধে নানা গুজব ছড়ানো হয়। এমনকি একটি ভিডিওতে দাবি করা হয়, একজন ব্যক্তি তার বাবা। পরে যাচাইয়ে দেখা যায়, সে ব্যক্তি তার বাবা নন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আরও একটি বড় অপপ্রচার ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কয়েকজনের নামে আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইনান্সে শত শত কোটি টাকার বিটকয়েন রয়েছে। পরে রিউমর স্ক্যানার জানায়, প্রচারিত স্ক্রিনশটগুলো প্রযুক্তিগতভাবে তৈরি করা ভুয়া ছবি।

উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে সবচেয়ে স্পর্শকাতর অপপ্রচার ছিলো নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ। একটি পুরোনো সংবাদ প্রতিবেদন ব্যবহার করে দাবি করা হয়, ২০১৯ সালে গ্রেফতার হওয়া জঙ্গি মাহফুজ আর মাহফুজ আলম একই ব্যক্তি। কিন্তু যাচাইয়ে দেখা যায়, তারা দুইজন ভিন্ন ব্যক্তি।

অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের প্রধান ও সাংবাদিক শফিকুল আলমকেও ঘিরে ১৮ মাসে ৩০টি অপতথ্য শনাক্ত হয়েছে। অমর একুশে বইমেলায় শেখ হাসিনার মুখাবয়বযুক্ত একটি ডাস্টবিনে ময়লা ফেলার ঘটনাকে কেন্দ্র করে তাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয় এবং এরপর থেকেই তার বিরুদ্ধে ভুয়া মন্তব্য ও নকল ফটোকার্ড ব্যবহার করে অপপ্রচার শুরু হয়।

অন্তর্বর্তী সরকারের সময়ে নানা রাজনৈতিক ইস্যুকেও ঘিরে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে একাই ১১৫টি অপতথ্য শনাক্ত করা হয়। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘিরে ৭৮টি, ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ইস্যুতে ১১টি, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা নিয়ে ৩৮টি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭৯টি অপতথ্য শনাক্ত করা হয়েছে।

সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো জাতীয় নির্বাচনকে ঘিরে তথ্যযুদ্ধ। রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচন সংশ্লিষ্ট মোট ১০৭১টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রচারণা চলাকালীন সময়েই ছড়ানো হয় ৫৪৫টি বিভ্রান্তিকর তথ্য।

অপতথ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ২০২৪ সালের অক্টোবরে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ফেসবুক পেজ চালু করে। সেখানে বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠানের যাচাইকৃত তথ্য প্রচার করা হতো। কার্যক্রম শেষ হওয়ার আগে পর্যন্ত ওই পেজে ৭২৪টি পোস্ট প্রকাশ করা হয়।

তবে এত বিপুল সংখ্যক অপতথ্যের প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে তথ্যযুদ্ধ মোকাবিলায় আরও দ্রুত, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কৌশল গ্রহণ কতটা জরুরি। বিশ্লেষকদের মতে, সামনের নির্বাচনগুলো শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, তথ্য ও বিভ্রান্তির লড়াই হিসেবেও আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তারেক রহমানকে বহন করা বিমানে গুরুতর ত্রুটি, রক্ষণাবেক্ষণে অনিয়ম
ইরানে হামলা নিয়ে ক্ষোভে ফুঁসছে মার্কিন জনমত
নেতানিয়াহু–আমিরাত প্রেসিডেন্টের বিরল ফোনালাপ, কি কথা হলো?
ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি জাহের আলভীর
ইসরায়েলে তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের
এপস্টেইন নথিতে ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ
মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার
নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর!
জ্বালানি তেল পাচার রোধে বেনাপোলে বিজিবির টহল জোরদার
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
গাইবান্ধায় জাল নোটসহ প্রতারক চক্রের সদস্যকে জনতার মারধর
ইন্দোনেশিয়ায় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ
মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা পাপ: মির্জা আব্বাস
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবর্তন হয়েছে শুধু ‘জয় থেকে জিন্দাবাদ’: নাহিদ ইসলাম
সোনার জাকাত দেয়ার সময় ক্রয়মূল্য ধরতে হবে নাকি বিক্রয়মূল্য?
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’
মেসি পেলের চেয়েও ভালো: ডোনাল্ড ট্রাম্প
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া