মধ্যপ্রাচ্য উত্তেজনা
মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে যত দ্রুত সম্ভব সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে তাদের।
রোববার রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় এ নির্দেশনা জারি করে।
সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি দ্রুত পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
দূতাবাস জানায়, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে দেশটি ত্যাগ করার প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং দূতাবাসের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মার্কিন দূতাবাস জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং নতুন নির্দেশনা দ্রুত জানানো হবে।
সূত্র: মার্কিন দূতাবাস
সবার দেশ/কেএম




























