Sobar Desh | সবার দেশ হোমনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ২২ এপ্রিল ২০২৬

সমালোচনার ঝড়

নিষেধাজ্ঞা ভেঙ্গে পরীক্ষার হলে এমপির ফেসবুক লাইভ

নিষেধাজ্ঞা ভেঙ্গে পরীক্ষার হলে এমপির ফেসবুক লাইভ
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কুমিল্লার হোমনায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে ফেসবুক লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর পর হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন তিনি। পরে সকাল ১০টা ১০ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে টানা প্রায় ৯ মিনিট লাইভ সম্প্রচার করেন।

লাইভে দেখা যায়, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বিদ্যালয়ের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বিভিন্ন পরীক্ষার কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে তিনি একটি কক্ষে ঢুকে পরীক্ষার্থীদের কাছে গিয়ে প্রশ্ন করেন, প্রশ্ন সহজ হয়েছে কি না। পরে একাধিক কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হচ্ছে তা জানতে চান।

একটি পর্যায়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পরিচয় দিলে তাকে ‘আপনি আপনার কাজ করেন’ বলে হাতের ইশারায় সরিয়ে দিতেও দেখা যায় সংসদ সদস্যকে। পুরো ঘটনাই লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রকাশ পায়।

পরীক্ষা চলাকালে এ ধরনের কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়ম অনুযায়ী, পরীক্ষা চলার সময় কেন্দ্রের ভেতরে অনুমতিহীন প্রবেশ এবং মোবাইল ফোনসহ কোনও ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, পরীক্ষার হলে ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। লাইভ সম্প্রচারের বিষয়টি তাদের জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ নেই। এমনকি দায়িত্বপ্রাপ্তদের ক্ষেত্রেও কোনও ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।

তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে কি না তা দেখা তাদের দায়িত্ব। অভিভাবকদের আশ্বস্ত করার জন্যই তিনি লাইভ করেছেন বলে দাবি করেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এ কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন স্পষ্টভাবে জানিয়েছিলেন, এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা যেতে পারবেন না। সে নির্দেশনার পরও এ ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে পরীক্ষার শৃঙ্খলা ও নীতিমালা বাস্তবায়ন নিয়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ