Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪১, ১৯ আগস্ট ২০২৬

আপডেট: ০০:৪২, ১৯ আগস্ট ২০২৬

১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের পর্যটন এলাকার লাইট হাউজ জোনে রাতের আঁধারে একটি রিসোর্ট দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ শাকিল নামের এক যুবককে গ্রেফতার করেছে। একই সাথে এক ছাত্রদল নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্র এবং মামলা সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগষ্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে লাইট হাউজ এলাকায় অবস্থিত নকশী রিসোর্ট দখলের এ ঘটনা ঘটে। ঘটনার সময় রিসোর্টের কর্মচারী আব্দু শুকুর বাধা দিতে গেলে তাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে মারাত্মক আহত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রিসোর্টের মালিক ইসরাত জাহান বাদী হয়ে সোমবার রাতে কক্সবাজার সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে লাইট হাউজ এলাকার বাসিন্দা ও স্থানীয় ছাত্রদল নেতা হিসেবে পরিচিত আল-আমিনকে। গ্রেফতারকৃত মাহফুজ শাকিল এই মামলার দুই নম্বর আসামি, যিনি উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার বাসিন্দা। মামলার অন্য আসামিরা হলেন বদরুল হাসান মিল্কী, আশিকুল ইসলাম ও আরিফ।

এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা দীর্ঘদিন ধরে কলাতলী ও আশপাশের এলাকার হোটেল ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিলো। কিছুদিন ধরে তারা নকশী রিসোর্টে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা রিসোর্ট মালিকের নামে থাকা একাধিক ফ্ল্যাট ও দোকান জবরদখল করে নেয়। শুধু তা-ই নয়, দাবি করা চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি এবং রিসোর্ট মালিকের শিশু সন্তানকে অপহরণ করে হত্যার হুমকিও দেয়া হয়। পূর্বে এ বিষয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়েছিলো বলে এজাহারে উল্লেখ করা হয়।

সোমবার ভোররাতে আসামিরা সংঘবদ্ধ হয়ে রিসোর্টে হামলা চালায়। তারা হোটেলের সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বিপুল আর্থিক ক্ষতিসাধন করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে পুরো রিসোর্ট দখল করে নেয়। তা ছাড়া রুমগুলোতে থাকা ৩২ ইঞ্চির আটটি স্যামসাং টেলিভিশনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রিসোর্ট দখলের ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং ইতোমধ্যে দুই নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। পর্যটন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনও জবরদখল ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী