Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:২৩, ২৮ অক্টোবর ২০২৬

গ্রেফতার ২

দিনাজপুরে পারিবারিক বিরোধের জেরে মারামারি, শিক্ষকের মৃত্যু

দিনাজপুরে পারিবারিক বিরোধের জেরে মারামারি, শিক্ষকের মৃত্যু
ছবি: সবার দেশ

দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক ও পারিবারিক রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি একই উপজেলার চক সুকদেবপুর এলাকায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পার্বতীপুর উপজেলার সোনাপুকুর নয়া মোল্লাপাড়া এলাকার মোস্তাহার হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩২) ও আশিকুজ্জামান আলো মিয়া (৩৫)।

পুলিশ ও প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপ্টাস গাছের কাঠের হিসাব ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে কাঠমিস্ত্রি ফরতাজ হোসেনের সঙ্গে আজিজুল হকের ছেলে আল-রোমানের বিরোধ চলছিলো। পাশাপাশি বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে আল-রোমানদের সঙ্গে আশিকুজ্জামান আলো মিয়া ও তার ভাই আসাদুজ্জামানের মনোমালিন্য ছিলো।

গত রোববার দুপুরে এসব বিরোধের জেরে ফরতাজ হোসেন, আশিকুজ্জামান আলো মিয়া ও আসাদুজ্জামান আল-রোমানদের বাড়িতে যান। সেখানে আল-রোমানের মা রোমানা আক্তারের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে সেখানে উপস্থিত প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের ওপর হামলার ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, মনোরঞ্জন রায়কে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আবারও মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি পাশের একটি ধানখেতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে আজিজুল হকের বাড়িতে নেয়া হলে তার মৃত্যু হয়।

তবে নিহত মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পার্বতীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যের ভিত্তিতে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার খবর পেয়ে দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবা ঘটনাস্থল পরিদর্শন করেন। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের নির্দেশনা অনুযায়ী ঘটনায় জড়িতদের শনাক্ত, গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?