পাবনায় বজ্রপাতে প্রাণ গেলো ৬ জনের
পাবনার সদর উপজেলায় সোনাপাতিল বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার এ বিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত ছয়জনের সবাই কিশোর ও তরুণ। তারা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), একই গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
আহত দুজন হলেন ১৪ বছর বয়সী এক কিশোর ও রিপন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে অনেকেই সোনাপাতিল বিলে মাছ ধরতে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে কয়েকজন একটি পলিথিন দিয়ে তৈরি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
তিনি বলেন, নিহতদের বয়স তুলনামূলক কম। বজ্রপাতের পর তারা দীর্ঘ সময় টঙ ঘরের মধ্যে পড়ে ছিলেন। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বজ্রপাতের পর হতাহত ব্যক্তিরা বেশ কিছুক্ষণ ঘটনাস্থলেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধারে এগিয়ে আসেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধারের কাজ চলছে।
সবার দেশ/কেএম




























