Sobar Desh | সবার দেশ মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ১৫ মে ২০২৬

স্বস্তি ফিরেছে দশ গ্রামের মানুষের জীবনে

এক বছর পর শেষ হলো আমতলীর সড়কের কাজ

এক বছর পর শেষ হলো আমতলীর সড়কের কাজ
ছবি: সবার দেশ

দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি অবস্থায় পড়ে থাকা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়া বরগুনার আমতলীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ অবশেষে শেষ হয়েছে। এতে উপজেলার অন্তত দশ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। নতুনভাবে নির্মিত সড়কটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, আমতলী সরকারি একে হাই স্কুল (আরএইচডি) থেকে গাজীপুর জিসি হয়ে তালুকদার হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির পুনর্নির্মাণের জন্য ২০২৩ সালের ২৩ অক্টোবর ১৬ কোটি ৫৬ লাখ ২২ হাজার ৫৬১ টাকা ব্যয়ে চারটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। পরে ২০২৪ সালের ৫ মার্চ মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটির কার্যাদেশ পায়।

কাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়কের দুই পাশ প্রশস্ত করতে খোঁড়াখুঁড়ি শুরু করে। তবে কিছুদিন কাজ করার পর হঠাৎ করেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর প্রায় এক বছরের বেশি সময় ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে পুরো সড়ক কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে। এতে আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও যানবাহন চালকদের দুর্ভোগ ছিলো সবচেয়ে বেশি।

এলজিইডি কর্মকর্তারা জানান, একাধিকবার তাগাদা দিয়েও সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন করানো সম্ভব হয়নি।

পরবর্তীতে ২০২৪ সালের ২৩ জুন বরগুনা এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন মো. মেহেদী হাসান খান। দায়িত্ব গ্রহণের পর তিনি সড়কটির দুর্দশার বিষয়টি জানতে পারেন এবং দ্রুত কাজ সম্পন্নের উদ্যোগ নেন। তার সরাসরি তদারকি ও উদ্যোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সময় বাড়িয়ে পুনরায় কাজ শুরু করানো হয়। পরে পুরোদমে কাজ চালিয়ে সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়েছে।

চাওড়া চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা আহসান হাবিব বলেন, গত এক বছর এ সড়ক দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়েছে। এখন নতুন রাস্তা হওয়ায় এলাকার মানুষ স্বস্তি পেয়েছে।

পাতাকাটা গ্রামের বাসিন্দা শানু মিয়া বলেন, বর্ষার সময় রাস্তাটি একেবারে কাদা-পানিতে ডুবে থাকত। আমরা কার্যত অবরুদ্ধ ছিলাম। এখন নতুন রাস্তা হওয়ায় চলাচল সহজ হয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক রুহুল আমিন, আবুল বাশার ও কুদ্দুস মিয়া বলেন, আগের রাস্তাটি ছিলো ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ। প্রায়ই দুর্ঘটনা ঘটত। এখন নতুন সড়ক হওয়ায় যাত্রী ও চালক—সবার ভোগান্তি কমেছে।

আমতলী উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পড়ে থাকা সড়কটির পুনর্নির্মাণকাজ বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খানের নির্দেশনায় দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, এ সড়কটি দিয়ে উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত দশ গ্রামের মানুষ চলাচল করেন। এছাড়া আমতলী ও গলাচিপা উপজেলার মানুষের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ দূর হয়েছে।

বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, জেলায় যোগদানের পর আমি সড়কটির বেহাল অবস্থার কথা জানতে পারি। দেখি, ঠিকাদার দীর্ঘদিন কাজ ফেলে রেখেছেন। পরে নিজ উদ্যোগে যোগাযোগ করে খুব দ্রুত সময়ের মধ্যে সড়কটির পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেছি, যাতে মানুষ স্বস্তিতে চলাচল করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে ১১১
শেকৃবিতে ছাত্রদল নেতার অসাধারণ কৃতিত্ব
দেশের ভুল চিকিৎসায় জটিলতা বেড়েছে কারিনার: কায়সার হামিদ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত: ঝুঁকিতে দেশের উপকারী পতঙ্গ
ব্যাটারিচালিত রিকশায় আসছে অগ্রিম আয়কর
মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে মাসুদ সাঈদী
ঈদের আগে ২৩ মে সরকারি অফিস খোলা
নিজস্ব প্রযুক্তিতে ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তান
দেশের মোট বিদেশি ঋণের ৮০ শতাংশ আওয়ামী লীগ আমলের
আয়কর রিটার্ন দাখিলের শেষ সুযোগ ১৭ মে
এক বছর পর শেষ হলো আমতলীর সড়কের কাজ
‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান
আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক
ঢাকাসহ যেসব রুটে ফ্লাইট বন্ধ করলো এয়ার ইন্ডিয়া