হাসপাতালে বাড়ছে ভিড়
হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আতঙ্কে দেশ
দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে, পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে একদিনেই মোট ৮ শিশুর প্রাণহানি ঘটেছে।
রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। অন্যদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২১৬ জন, যা পরিস্থিতির গভীরতা আরও স্পষ্ট করছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৬৪ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বেড়েছে।
এ পর্যন্ত ১৫ মার্চ থেকে মোট ২০ হাজার ৪৭৫ জনকে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না নেয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের শিশুদের জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সবার দেশ/কেএম




























