হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় ইরানের আশ্বাস
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ আশ্বাস জানানো হয়। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে দেশটি।
বিবৃতিতে বলা হয়, ইরান ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
সম্প্রতি আন্তালিয়া ফোরাম-এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরান মনে করছে, এ ধরনের আলোচনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসাও করেছে তেহরান। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এ ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।
এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশের শোকপ্রকাশ এবং জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছে ইরান। পাশাপাশি রেড ক্রিসেন্টের মাধ্যমে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত বা নিহত বাংলাদেশি নাগরিকদের ঘটনায় ইরান গভীরভাবে মর্মাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
দূতাবাস জানায়, সম্প্রতি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশিকে ইরান থেকে নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্রিয় থাকবে।
তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কিছু গণমাধ্যম সাক্ষাৎকারের খণ্ডিত অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অসন্তোষ প্রকাশ করেছে দূতাবাস। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করে, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সবার দেশ/কেএম




























