Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ১৮ মে ২০২৬

ট্রাইব্যুনালে বাজলো সালমান-রেহানার সেই ফোনালাপ

‘এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে’

‘এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে’
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময়কার উত্তাল পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহানা–এর একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। আলোচিত সে অডিওতে সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে তাগিদ দিতে শোনা যায় শেখ রেহানাকে।

সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে নবম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান। তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে বাজানো হয় ২০২৪ সালের ৫ আগস্টের একটি ফোনালাপ, যা আদালতকক্ষে উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

ফোনালাপের শুরু থেকেই ফ্যাসিস্ট হাসিনার এ উপদেষ্টাকে সরে যেতে তাড়া দেন শেখ রেহানা। দুই মিনিট ৯ সেকেন্ডের সে কথপোকথনটি হুবহু তুলে ধরা হলো-

সালমান: হ্যালো।

কর্নেল রাজিব: সালামালাইকুম স্যার। স্যার কর্নেল রাজিব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো ওভার টু ওভার স্যার।

সালমান: কে?

কর্নেল রাজিব: রেহানা আপা, রেহানা আপা। জ্বি স্যার।

রেহানা: স্লামালাইকুম ভাইয়া।

সালমান: হ্যাঁ, অলাইকুমল্লাম।

রেহানা: জি আপনি কই?

সালমান: আমি আমার বাসায়।

রেহানা: থাইকেন না।

সালমান: থাকবো না, হ্যাঁ ঠিকাছে।

রেহানা: আমরা অন্য জায়গায় আছি, আমরা মানে ববি, টিউলিপ ওকে কনভিন্স করছে তো... কল না করতে পারলেও আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে।

সালমান: আচ্ছা, তো তোমরা অন্য জায়গায় চলে গেছ? আপাও গেছে?

রেহানা: জি ভাই। তো আপনি...

সালমান: আমরা যদি বাইর হইতে পারি, আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেই বের করে ফেলি সাথে?

রেহানা: হ্যাঁ, হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে শায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন।

সালমান: ঠিকাছে, ঠিকাছে। ওকে।

রেহানা: এক সেকেন্ডও দেরি কইরেন না। কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারদিকে মানে সাদা জোব্বা পরা দাড়িওয়ালা এ আরকি। ইউ শুড বি (you should be) মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে, মানে যা আছে ঐটা করবো আরকি। এখানে একদম থাকা সেইফ না।

সালমান: আচ্ছা ঠিকাছে তাহলে ও কি বলবে মার্শাল ‘ল’ ডিক্লার করতেছে না সে?

রেহানা: ঐগুলো এখন বাদ দেন, ইউ শুড বি লিভ ইমিডিয়েটলি (you should be leave emediatly.)

সালমান: ওকে।

রেহানা: জ্বি ভাইয়া ফি-আমানিল্লাহ দোয়া করবেন।

সালমান: ফি আমানিল্লাহ।

রেহানা: স্লালামালাইকুম।

সালমান: অলাইকুমস্লাম।

দুই মিনিট ৯ সেকেন্ডের ও ফোনালাপ আদালতে বাজানোর সময় সালমান এফ রহমানকে মনোযোগ দিয়ে শুনতে দেখা যায়। এর আগে কাঠগড়ায় বসে তাকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথোপকথন করতেও দেখা যায়।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সুলতান মাহমুদ, মামুনুর রশিদ ও মার্জিনা রায়হানসহ অন্যরা।

অন্যদিকে, সাক্ষী আতিকুর রহমানের জেরা করার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। পরে ট্রাইব্যুনাল আগামী ৮ জুন মামলার পরবর্তী দিন ধার্য করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকার প্রস্তাব
ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি
এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে-সালমান-রেহানার ফোনালাপ
‘কী রে সম্পাদক পরিষদ!’— মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে তোলপাড়
ড্রোন হামলায় আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
বুলডোজারে সংখ্যালঘু উচ্ছেদ, প্রতিবাদে উত্তাল কোলকাতা
যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান
নতুন ভিসির যোগদান ঘিরে ডুয়েটে সংঘর্ষ
আমরা গণভবনে যাইনি, চুরিও করিনি—কারিনা কায়সারের মায়ের আবেগঘন বক্তব্য
চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি-এনসিপি মুখোমুখি
ফ্যামিলি কার্ডে গরিব বঞ্চিত, হাওড়েও চলছে নৈরাজ্য: ডেপুটি স্পিকার
সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
এই সরকারের অনেক গুণ—মেঘনায় তিন মাসে চার খুন: হাসনাত আবদুল্লাহ
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ