Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ০১:৩৩, ২৭ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: 

২৮ অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২৮ অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা ও সহযোগিতার অভিযোগ এনে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সামাজিক ও নাগরিক সংগঠন।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত আবু বকর ছিদ্দিক ওরফে তুহিন ফরাজী।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— অভিনেতা আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান, সাজু খাদেম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, হিরো আলম, সুজাতা আজিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, মোমিন মেহেদী এবং সোমা ইসলাম।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিত করার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসডিএফের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। তিনি দাবি করেন, শান্তা ফারজানা, মোমিন মেহেদীসহ কয়েকজন পরিচিত ব্যক্তি এখনও জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন।

তিনি বলেন, 

৫ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পতন হয়েছে। আগামীতে আওয়ামী লীগ কোনোভাবেই ফিরে আসতে পারবে না। কিন্তু তাদের দোসররা বিভিন্ন সময় আইনজীবী, শিক্ষাবিদ কিংবা অন্য পরিচয়ে ফিরে আসার চেষ্টা করছেন। আমরা সেটি হতে দেবো না।

তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া অভিযোগ গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে কী পদক্ষেপ নেবে, সে বিষয়েও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

সবার দেশ/কেএম