জাতীয় সংসদে প্রধানমন্ত্রী
‘লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম’
লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করা যেতো, তাহলে সরকারই সবার আগে লংমার্চের আয়োজন করতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন শেষে সরকার গঠনের ১০ থেকে ১২ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেল ও গ্যাস সরবরাহে বাধা তৈরি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমসহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও এ পরিস্থিতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
তিনি বলেন, এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের অভ্যন্তরে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেল ও গ্যাস আমদানিতে যে সংকট তৈরি হয়েছিলো, তার সঙ্গে একটি এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান যদি লংমার্চ করলেই হয়ে যেতো, তাহলে সরকারই সবার আগে লংমার্চের আয়োজন করতো। কিন্তু বাস্তবতা হলো, এ ধরনের সংকটের সমাধানে কার্যকর পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যে গ্যাস-বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরা হয়। সংকটের কারণে জনজীবনে যে দুর্ভোগ তৈরি হয়েছে, সেটি মোকাবিলায় সরকারের দায়িত্বশীল পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
সবার দেশ/কেএম




























