Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৬, ১ নভেম্বর ২০২৬

১ হাজার কোটি ডলারের মানহানি মামলা স্থায়ীভাবে খারিজ

এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়

এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
ছবি: সংগৃহীত

প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এবং এর মালিকপক্ষের বিরুদ্ধে করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলাটি স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দেয়া আদেশে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ ড্যারিন গেইলস বলেন, ট্রাম্পের সংশোধিত অভিযোগপত্রে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘প্রকৃত বিদ্বেষের’ অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য উপস্থাপন করা হয়নি। বিচারক মামলাটি নিয়ে ট্রাম্পের আইনি অবস্থানকে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টার সঙ্গে তুলনা করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিচারকের মতে, অভিযোগপত্রে প্রকৃত বিদ্বেষের বিষয়ে যেসব বক্তব্য তুলে ধরা হয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রেই সিদ্ধান্তমূলক, অস্পষ্ট এবং সংশ্লিষ্ট অনুচ্ছেদের বক্তব্যের সঙ্গে অসংগতিপূর্ণ। সংবাদমাধ্যমটি প্রতিবেদন প্রকাশের সময় তথ্যগুলো মিথ্যা বলে জানতো, নাকি সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ থাকা সত্ত্বেও তা প্রকাশ করেছিলো—অভিযোগপত্রে তার যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা যায়নি।

এপস্টেইনকে ঘিরে বিতর্কের সূত্রপাত

এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন থেকেই এ আইনি বিরোধের সূত্রপাত। ২০২৫ সালের ১৭ জুলাই প্রকাশিত প্রতিবেদনে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ দাবি করে, ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে তৈরি একটি শুভেচ্ছা অ্যালবামে ট্রাম্পের নামে একটি বার্তা ছিলো।

প্রতিবেদন অনুযায়ী, বার্তাটিতে নারীর শরীরের অবয়বের নকশা ছিলো এবং নিচে ট্রাম্পের স্বাক্ষর ছিলো। এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েল জন্মদিনের শুভেচ্ছাবার্তাগুলো সংগ্রহ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যৌন পাচারকাণ্ডে ভূমিকার জন্য ম্যাক্সওয়েল ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

তবে ট্রাম্প ওই বার্তা লেখা, স্বাক্ষর ও নকশার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর’ আখ্যা দিয়ে ২০২৫ সালের ১৮ জুলাই মিয়ামির ফেডারেল আদালতে মামলা করেন তিনি। মামলায় নিজের সুনাম ও আর্থিক স্বার্থের ক্ষতির অভিযোগ তুলে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

দ্বিতীয় দফার অভিযোগও টিকলো না

চলতি বছরের এপ্রিলে বিচারক গেইলস ট্রাম্পের মানহানির মামলাটি প্রথমবার খারিজ করেছিলেন। তবে তখন সংশোধিত অভিযোগপত্র দাখিলের সুযোগ দেয়া হয়েছিলো। সে অনুযায়ী মে মাসে নতুন করে অভিযোগ দাখিল করেন ট্রাম্পের আইনজীবীরা।

কিন্তু সংশোধিত অভিযোগেও প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ না হওয়ায় মামলাটি আবারও খারিজ হয়। এবার মামলাটি স্থায়ীভাবে খারিজ করায় একই অভিযোগের ভিত্তিতে নতুন করে মামলা করার সুযোগ বন্ধ হয়ে গেলো।

যুক্তরাষ্ট্রের মানহানি আইনে জনপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত ‘প্রকৃত বিদ্বেষ’ প্রমাণ করতে হয়। অর্থাৎ, সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিথ্যা জানার পরও প্রতিবেদন প্রকাশ করেছে, অথবা বক্তব্যের সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ থাকা সত্ত্বেও বেপরোয়াভাবে তা উপেক্ষা করেছে—এমন প্রমাণ প্রয়োজন। আদালতের মতে, ট্রাম্পের সংশোধিত অভিযোগে সে শর্ত পূরণ হয়নি।

এপস্টেইনের মৃত্যু ও ট্রাম্পের সঙ্গে সম্পর্ক

জেফরি এপস্টেইন ছিলেন একজন অর্থলগ্নিকারী, যিনি অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়ন ও যৌন পাচারের গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ককে যৌনকর্মে নিয়োজিত করার ঘটনায় দোষ স্বীকারের পর তিনি কারাদণ্ড ভোগ করেন। ২০১৯ সালে যৌন পাচারের ফেডারেল মামলায় বিচারপূর্ব আটক অবস্থায় নিউইয়র্কের কারাগারে তার মৃত্যু হয়। কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে।

ট্রাম্প ও এপস্টেইনের অতীত পরিচিতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তবে এপস্টেইনকে ঘিরে কোনো অভিযোগ বা অন্যের সঙ্গে তার সম্পর্কের উল্লেখ নিজে থেকেই অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়। জন্মদিনের শুভেচ্ছাবার্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনও ট্রাম্প অস্বীকার করেছেন।

এদিকে, বিবিসি ও দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধেও ট্রাম্পের অন্যান্য মানহানির মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন
এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
মিরপুর-১০ অবরোধে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭১% মুসলিম, ৫১% নারী-মহুয়া মৈত্রের বিস্ফোরক দাবি
টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
এক দফার আগেই সাত দফা মেনে নিন: জামায়াত আমির
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া মাসুমা পেলো এ গ্রেড
মাঠের পাশাপাশি এইচএসসিতেও ক্রীড়াবিদদের জয়জয়কার
দিল্লির জামিয়া মিলিয়া যেনো পুলিশ ক্যাম্প
মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের কারাবাস
আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, বিএনপিতে ভেড়ার চেষ্টা
শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ফখরের সেঞ্চুরি
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী