সময়সীমা ১২ এপ্রিল
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে দলটির পক্ষ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকেই নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। প্রতিদিন বেলা ১১টা থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে এবং প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
দলীয় সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহের পর তা পূরণ করে আগামী ১২ এপ্রিলের মধ্যে জমা দিতে পারবেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থিতা নিয়ে আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন সংরক্ষিত রয়েছে নারীদের জন্য। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন, তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীসহ মিত্রদের জন্য বরাদ্দ রয়েছে ১৩টি আসন এবং একটি আসন রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।
সবার দেশ/কেএম




























