Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১৩ আগস্ট ২০২৬

উপাচার্যের কাছে চার দফা

ডাকসু নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবি শিবিরের 

ডাকসু নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবি শিবিরের 
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১২ আগষ্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সংগঠনটির নেতারা স্মারকলিপি দিয়ে এসব দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মুহা. মুহিউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিবিরের চার দফা দাবির মধ্যে রয়েছে দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ঘোষিত সময় অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন, ভবিষ্যতে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করতে স্থায়ী নির্বাচন-রোডম্যাপ প্রণয়ন এবং নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করা।

স্মারকলিপিতে সংগঠনটি বলেছে, বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও পরবর্তী নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট রোডম্যাপ বা সময়সূচি জানানো হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত করে নির্বাচনের সময়সূচি শিক্ষার্থীদের সামনে প্রকাশের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, অ্যাকাডেমিক উৎকর্ষ ও নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে উল্লেখ করা হয়। শিবিরের মতে, ডাকসু শুধু ছাত্ররাজনীতির নেতৃত্ব তৈরির ক্ষেত্র নয়; শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, আবাসন, পরিবহন, চিকিৎসা, নিরাপত্তা, ক্রীড়া, সংস্কৃতি ও সার্বিক কল্যাণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সংগঠনটির দাবি, ২০২৫ সালে ডাকসু পুনর্গঠনের পর শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে গবেষণা ও অ্যাকাডেমিক সেমিনার আয়োজন, আন্তর্জাতিক জার্নাল ও ই-রিসোর্সে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন কার্যক্রম, পরিবহনব্যবস্থার উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ, আবাসিক হলের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তার মতো উদ্যোগ রয়েছে।

এসব কার্যক্রমকে একটি সক্রিয় ডাকসুর ইতিবাচক ভূমিকার উদাহরণ হিসেবে উল্লেখ করে শিবির বলেছে, ডাকসুর ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত নির্বাচন আয়োজন জরুরি।

স্মারকলিপি জমা দেয়ার পর মুহিউদ্দিন খান সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একটি স্বাভাবিক ও চিরাচরিত প্রক্রিয়া। কিন্তু বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত বা রোডম্যাপ দেয়া হয়নি।

তিনি বলেন, ডাকসু কবে হবে, কীভাবে হবে এবং এর বাজেট কোথায়—এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছি। তবে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।

মুহিউদ্দিন খানের দাবি, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি পাঠানো হয়নি এবং ডাকসুর জন্য বাজেটও বরাদ্দ করা হয়নি। তাই দ্রুত বাজেট ও প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।

অতীতে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলো শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ সীমিত করতে ডাকসুকে অকার্যকর রাখার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এবার ডাকসুর ধারাবাহিকতা কোনোভাবেই ব্যাহত হতে দেয়া হবে না।

মুহিউদ্দিন খান বলেন, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের স্পষ্ট সময়সূচি ও রোডম্যাপ ঘোষণা করা হোক। দাবি আদায় না হলে প্রয়োজনে আন্দোলন কর্মসূচি জোরদার করারও ইঙ্গিত দেন তিনি।

ব্রিফিংয়ে শিবির সভাপতি আরও বলেন, ক্যাম্পাসগুলোতে ‘নব্বইয়ের হাওয়ার পূর্বাভাস’ তারা লক্ষ্য করছেন। ডাকসুকে আগের মতো অকার্যকর বা বন্ধ করে দেয়ার কোনও পরিকল্পনা থাকলে তা মেনে নেয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

তার ভাষ্য, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হিসেবে ডাকসুর ধারাবাহিকতা নিশ্চিত করতে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম চালিয়ে যাবেন।

এদিকে শাহবাগ থানায় হামলাসহ ক্যাম্পাসে বিভিন্ন হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয়েও কথা বলেন শিবির সভাপতি। তিনি বলেন, এসব ঘটনার বিচার দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

মুহিউদ্দিন খান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বলা হয়েছে, আগামী রোববার ও সোমবারের মধ্যে সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা না হলে তা প্রকাশের দাবিতে ‘কঠোর পদক্ষেপ’ নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা