পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
রাজধানীর পল্লবী থানার প্রাঙ্গণে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এ হামলা চালিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হলে থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে বিস্ফোরিত ককটেলের অংশের আঘাত লাগে। এতে তিনি সামান্য আহত হন।
এদিকে একই রাতে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে এ বিস্ফোরণ ঘটলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্যের বাসভবনসংলগ্ন চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে।
টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করা হয়।
একই রাতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত এবং জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সবার দেশ/কেএম




























