লেবুর হালি মাত্র ১৬০ টাকা! ক্রেতাদের ক্ষোভ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কয়েক দিন ধরে লেবুর দাম বেড়ে হালি প্রতি ১৫০ থেকে ১৬০ টাকা পৌঁছেছে। এটি স্বাভাবিক মূল্যের প্রায় পাঁচগুণ বেশি।
বাজারে দেখা যায়, কিছু দোকানে মাত্র সামান্য পরিমাণ লেবু রয়েছে। ক্রেতারা দাম শুনে অনেকেই লেবু কিনতে দ্বিধা করছেন। বিক্রেতাদের দাবি, আমদানি কমে যাওয়ায় লেবুর সংকট তৈরি হয়েছে। এজন্য তারা বেশি দামে লেবু কিনে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে কেন লেবু পর্যাপ্ত পরিমাণে বাজারে আসছে না, তা স্পষ্টভাবে জানাতে পারছেন না কেউ।
উপজেলার কাঁচাবাজারে বিক্রেতারা জানান, চাহিদা অনেক বেশি, কিন্তু লেবুর সরবরাহ কম। প্রতি পিস লেবু ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ হিসাব অনুযায়ী হালি প্রতি লেবুর দাম ১৫০–১৬০ টাকা। বাজারে লেবুর সরবরাহ সীমিত থাকায় দাম স্বাভাবিক মূল্যের তুলনায় অনেক বেশি।
রমজানের শুরুতেই হঠাৎ লেবুর দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন, যাতে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার চেষ্টা করতে না পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনকে বাজার মনিটরিং বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























