Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৩, ২১ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী

গত দুই বছরের কর্মকাণ্ডের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সমান অবস্থান নিশ্চিত করার আহ্বান এনসিপি নেতার।

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
ফাইল ছবি

জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার, জনগণের কাছে জবাবদিহি এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, রাজনৈতিক দলগুলোর ঐক্যের চেয়ে জনগণের ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া উচিত, কোনও দলের রাজনৈতিক সংকট মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা নয়।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দিন পাটওয়ারী। বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যের ডাক দেয়ার আগে দলটির সবচেয়ে বড় প্রয়োজন বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা। গত দুই বছরে বাংলাদেশের মানুষের মধ্যে গড়ে ওঠা ঐক্য বিনষ্ট হওয়ার পেছনে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এসব প্রশ্নের জবাব না দিয়ে ঐক্যের আহ্বান জানালে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ কীভাবে তৈরি হলো, সেটিও রাজনৈতিক আলোচনায় আনা জরুরি। এসব বিষয় উপেক্ষা করলে ইতিহাসের ভুল ব্যাখ্যা তৈরি হবে এবং জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর করা অঙ্গীকারের প্রশ্নে আপস করা হবে।

হামলা, চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগের জবাব চাইলেন

গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি, দখলদারত্ব ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ উঠেছে উল্লেখ করে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, এসব ঘটনায় দলটির পক্ষ থেকে যথেষ্ট আত্মসমালোচনা দেখা যায়নি।

তার মতে, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত এসব অন্যায়ের শিকার মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া। শুধু জাতীয় ঐক্যের কথা বললেই মানুষের আস্থা ফিরে আসবে না; বরং অতীত কর্মকাণ্ডের দায় স্বীকার ও সংশোধনের উদ্যোগ নিতে হবে।

সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাগুলোর বিচার দাবি করে তিনি প্রশ্ন তোলেন, 

গত দুই বছরে অন্যদের ওপর যখন হামলা হয়েছে, তখন এসব অন্যায়ের বিরুদ্ধে একই ধরনের অবস্থান কোথায় ছিলো? এখন সংকটের মুখে ঐক্যের আহ্বান জানালে মানুষ কেন গত দুই বছরের অভিজ্ঞতা ভুলে যাবে?

দলীয় পরিচয় নয়, অপরাধের বিচার হওয়া উচিত

সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে নাসীরুদ্দিন পাটওয়ারী প্রশ্ন করেন, 

সে ঐক্য শুধু আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে কেনো হবে? গোপালগঞ্জে কোনও অপরাধের প্রতিবাদ করা হলে দেশের অন্য কোথাও বিএনপি কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের পরিচয়ে একই ধরনের অপরাধ সংঘটিত হলেও তার বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারত্ব, দুর্নীতি, সিন্ডিকেট ও রাজনৈতিক সহিংসতা—সবই অন্যায়। অপরাধীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এসব অপরাধের বিচার বা প্রতিবাদের ক্ষেত্রে ভিন্নতা থাকা উচিত নয়। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান হতে হবে সর্বজনীন, দলনিরপেক্ষ ও নীতিনিষ্ঠ।

জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় উপেক্ষা করা যাবে না

জুলাইয়ের গণঅভ্যুত্থানে জনগণ শুধু আওয়ামী লীগ সরকারের পতন চায়নি, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও প্রত্যাশা করেছিলো বলে মন্তব্য করেন এনসিপির এ নেতা। তার ভাষ্য,

শহীদ ও আহতদের ন্যায়বিচার, জুলাই সংস্কার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়গুলো কোনও রাজনৈতিক সমঝোতার আড়ালে চাপা পড়তে পারে না।

আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে জনমনে যে অভিযোগ ও উদ্বেগ রয়েছে, সেগুলোরও স্পষ্ট জবাব দিতে হবে বলে মনে করেন তিনি। রাজনৈতিক ঐক্যের নামে জনগণের প্রত্যাশা, ন্যায়বিচার ও সংস্কারের প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

জনগণের ঐক্য রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা যাবে না

বিএনপি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চাইলে নিজেদের ভুল স্বীকার, জনগণের কাছে জবাবদিহি এবং সব ধরনের রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সমান অবস্থান নেয়ার অঙ্গীকার বাস্তবে প্রমাণ করতে হবে বলে পোস্টে উল্লেখ করেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

তিনি বলেন, 

আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বাংলাদেশের জনগণের নতুন করে কারও অনুমতির প্রয়োজন নেই। অতীতেও মানুষ অন্যায়ের বিরুদ্ধে নিজেরাই দাঁড়িয়েছে। সে জনঐক্যকে কোনও রাজনৈতিক দলের সংকট কাটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, জাতীয় ঐক্যের আহ্বান জানানোর আগে জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, গত দুই বছরের অন্যায়ের হিসাব দিতে হবে, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজেদের সংশোধনের প্রমাণ দিতে হবে।

পাটওয়ারীর মতে, জনগণ কোনও রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়; রাজনৈতিক দলগুলোই জনগণের কাছে দায়বদ্ধ। জাতীয় ঐক্য হওয়া উচিত জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন ও জনস্বার্থ রক্ষার জন্য, কোনও দলের রাজনৈতিক দায় আড়াল করার জন্য নয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন