Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ৭ অক্টোবর ২০২৬

লংমার্চ থামিয়ে আলোচনায় আসুক পিটিআই: শেহবাজ শরিফ

লংমার্চ থামিয়ে আলোচনায় আসুক পিটিআই: শেহবাজ শরিফ
ছবি: সংগৃহীত

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে চলমান লংমার্চ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার (৫ অক্টোবর) পিটিআইয়ের শীর্ষ নেতাদের উদ্দেশে দেয়া বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, লংমার্চ ও অবস্থান কর্মসূচি বন্ধ করা হলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, পিটিআই নেতারা পরিস্থিতি বিবেচনা করে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন।

শেহবাজ শরিফ বলেন, ‘

আমি প্রত্যাশা করছি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। লংমার্চ এবং অবস্থান ধর্মঘট শেষ করুন। এসব বন্ধ করলেই আমরা নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে বসে আলোচনা করবো।

ইমরান খানের মুক্তির দাবিতে গত রোববার থেকে তার সমর্থকেরা ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেন। এর আগে উত্তেজনা কমাতে সরকার ও পিটিআইয়ের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তা কোনো সমঝোতায় পৌঁছায়নি। এর পরই দলটির নেতাকর্মীরা নতুন করে রাজপথে নামেন।

বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছেন শেহবাজ। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা ‘রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতার শামিল’। এ ধরনের কর্মকাণ্ড সরকার কোনোভাবেই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। একই সঙ্গে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যেকোনও মূল্যে জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা হবে বলেও জানান তিনি।

এদিকে বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৭ সেপ্টেম্বর লংমার্চ শুরুর ঘোষণা দেয়া হলেও পরে তা পিছিয়ে রোববার থেকে কর্মসূচি শুরু করা হয়।

এএফপির এক সাংবাদিকের বরাতে জানা গেছে, সোমবার পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় ইমরান খানের সমর্থনে হাজার হাজার মানুষকে রাজপথে বিক্ষোভ করতে দেখা গেছে। ইসলামাবাদ অভিমুখে অগ্রসর হওয়ার সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংসতার পর তার বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ, সহিংসতায় উসকানি দেওয়াসহ একাধিক মামলা করা হয়। তবে ইমরান খানের আইনজীবীরা এসব অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের এই নতুন কর্মসূচিকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে সরকার বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে পিটিআই তাদের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

সূত্র: এএফপি

সবার দেশ/কেএম