Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ৪ জুলাই ২০২৫

তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিলো রাশিয়া

তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিলো রাশিয়া
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে রাশিয়া আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। ফলে, তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়ার নাম উঠে এলো।

বৃহস্পতিবার (৩ জুলাই) কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ এ সিদ্ধান্তের কথা জানান। নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়েই শুরু হয় এ স্বীকৃতির আনুষ্ঠানিকতা।

আমির খান মুত্তাকি রাশিয়ার সিদ্ধান্তকে ‘সাহসী’ আখ্যা দিয়ে বলেন, এটি দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক সহযোগিতার নতুন অধ্যায় উন্মোচন করবে। তার মতে, রাশিয়ার পদক্ষেপ অন্য দেশের জন্যও উদাহরণ হয়ে থাকবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেয়ার ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। আফগানিস্তানের জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্যিক এবং অর্থনৈতিক অংশীদারত্বের সুযোগ বাড়বে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে কাবুলকে সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিলো। তবে এতদিন কোনও দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। অবশেষে সে জট কাটাল রাশিয়া।

চলতি বছরের এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে যে তালিকাভুক্তি করেছিল, তা প্রত্যাহার করে নেয়। এর আগেই, ২০১৮ সাল থেকে তালেবান নেতারা নিয়মিত মস্কো সফর করে আসছিলেন। এমনকি তালেবানের শাসন শুরু হলেও রাশিয়া কাবুলে তাদের দূতাবাস বন্ধ করেনি।

২০২২ সালে আফগানিস্তানের সঙ্গে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তিতেও স্বাক্ষর করে রাশিয়া। ওই চুক্তির আওতায় দেশটিকে তেল, গ্যাস ও গম সরবরাহে সম্মত হয় মস্কো।

অন্যদিকে, তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি চীন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, উজবেকিস্তান এবং ভারত। যদিও এসব দেশ কাবুলে দূতাবাস চালু রেখেছে বা কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

এদিকে, পশ্চিমা দেশগুলো ও বিভিন্ন মানবাধিকার সংগঠন তালেবান সরকারের বিরুদ্ধে নারী অধিকার খর্ব, শিক্ষায় নিষেধাজ্ঞা এবং কঠোর শরিয়া আইন প্রয়োগের অভিযোগ তুলে সমালোচনা অব্যাহত রেখেছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা ও আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯ বিলিয়ন ডলারও এখনও জব্দ রয়েছে।

সব মিলিয়ে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে রাশিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক