চেয়ারম্যানের পদত্যাগসহ সাত দফা দাবি
প্রেসক্লাব অভিমুখে ইসলামী ব্যাংক গ্রাহকদের মিছিল
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ব্যাংকটির ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা। বুধবার (৩ জুন) রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি পালন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে রওনা হন।
আন্দোলনকারীদের অভিযোগ, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা খুরশীদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর নবী মানিক বিক্ষোভ মিছিলের আগে বলেন, খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে গ্রাহকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ব্যাংকের কর্মকর্তাদের আগামীকাল দুই ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মালিকানাধীন ৮২ শতাংশ শেয়ার বিক্রি করে সংশ্লিষ্ট ঋণ সমন্বয় করতে হবে। পাশাপাশি এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং ব্যাংক খাতের অনিয়মে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
আন্দোলনকারীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে— চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, ওমর ফারুক খানের পুনর্বহাল, লুটপাটে জড়িতদের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলমের সম্পদ বিক্রির মাধ্যমে অর্থ পুনরুদ্ধার, তাকে কোনো ব্যাংকে পুনরায় প্রভাব বিস্তার করতে না দেওয়া এবং ব্যাংক খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
নুর নবী মানিক বলেন, খুরশীদ আলম ইসলামী ব্যাংক টাওয়ারে এলে গ্রাহক ফোরামের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাবেন। তার ভাষ্য, ‘তাকে কোনোভাবেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না।’
পরে দিলকুশা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের উদ্দেশে যাত্রা করে। আন্দোলনকারীরা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
সবার দেশ/এফও




























