শৃঙ্খলায় আনতে তালিকা প্রস্তুত
ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে ফুটপাতের ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে লাইসেন্স দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ফুটপাত ব্যবহার যেন পথচারীদের জন্য অনুপযোগী হয়ে না পড়ে, সে বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে যৌথভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, যেকোনও ব্যবসা পরিচালনার জন্য সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাতে ব্যবসা করলেও তা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে।
তিনি জানান, ঢামেক হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করা হলেও সেটি টিকিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় অতিরিক্ত দোকান বসে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য কোথায় হকার বসবে, তা নির্ধারণ করে গাইডলাইন দেয়া হবে।
মো. আবদুস সালাম আরও বলেন, এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপের মাধ্যমে ফুটপাতের ব্যবসায়ীদের অবস্থান ও সংখ্যা নির্ধারণ করা হবে। এরপর সে তথ্যের ভিত্তিতে শৃঙ্খলা আনয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাজপথে কেউ ময়লা ফেলব না—এ শপথ নিতে হবে প্রতিটি নাগরিককে। তাহলেই ঢাকা শহরকে পরিষ্কার রাখা সম্ভব।
ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানী ঢাকা রাষ্ট্রের মুখমণ্ডল, তাই এটিকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ শুরুর আগেই নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখারও আহ্বান জানান তিনি।
সবার দেশ/কেএম




























