Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২৯ জুন ২০২৬

বাজেট আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান 

ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম

ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে ভারতের নতুন হাইকমিশনারের বাংলাদেশে যোগদানের পর প্রথমেই ক্ষমা চাওয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিচারের আওতায় আনা এবং অর্থনীতি পুনর্গঠনে কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে নতুন দায়িত্ব নেয়ার পর ভারতীয় হাইকমিশনারের উচিত ছিলো গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া। তিনি অভিযোগ করেন, ওই সময়ে সংঘটিত গণহত্যার দায়ীদের মধ্যে কয়েকজন ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে বাংলাদেশে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সীমান্তে প্রায় ১০ জন বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এবং অবৈধভাবে বাংলাদেশে লোকজন পুশ-ইনের চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির ভূমিকাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

সরকারের উদ্দেশে এনসিপির এ সংসদ সদস্য বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং যারা দেশের অর্থ লুটপাট ও পাচার করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

বাজেট নিয়ে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সুস্পষ্ট অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন ছিলো। কিন্তু সরকারের ঘোষিত পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির মতো কার্যকর নীতি তিনি দেখতে পাননি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা কয়েকটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছিলো। ব্যাংক খাত লুটপাটের শিকার হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য শুধু সরকারি চাকরির কোটা সংস্কার ছিল না; বরং সমাজের কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হয়েছিলো। সে আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় তিনটি সংকট হলো কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতের দুরবস্থা এবং বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি।

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে মানুষের হাতে অর্থ পৌঁছালেও তা মূলত ভোগব্যয় বাড়াবে। এতে আমদানি নির্ভরতা ও মূল্যস্ফীতির ঝুঁকিও বাড়তে পারে।

ব্যাংক খাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ব্যাংক রেজুলেশন আইন সংস্কারের মাধ্যমে ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের আবারও সুযোগ দেয়া হচ্ছে। যারা দেশের অর্থ লুট করেছে, বিদেশে পাচার করেছে এবং গণহত্যার সঙ্গে জড়িত—তাদের অপরাধকে তিনি একই ধরনের গুরুতর অপরাধ হিসেবে দেখেন।

তিনি শিকদার গ্রুপ, জেমকন, বেক্সিমকো, নাসা, ওরিয়ন ও এস আলম গ্রুপের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। একই সঙ্গে ইসলামী ব্যাংক দখল ও অর্থপাচারের অভিযোগ তদন্তে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, আদানি, সামিট এবং এস আলম সংশ্লিষ্ট চুক্তিগুলো নিয়ে সরকার কী পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির প্রমাণ উপস্থাপন করে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি এ সনদে স্বাক্ষর করেছিলো এবং এর পক্ষে ভোটও চেয়েছিলো। তাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান তিনি।

এনসিপি নেতাদের দামি গাড়ি ব্যবহারের সমালোচনার জবাবে তিনি বলেন, নিজের ব্যবহৃত গাড়িটি ভাড়ায় নেয়া এবং নিরাপত্তাজনিত কারণেই তা ব্যবহার করছেন। এমনকি মাস শেষ হলেও এখনো সে ভাড়ার টাকা পরিশোধ করতে পারেননি বলেও জানান তিনি।

বক্তব্যের শেষদিকে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি রোধে সুশাসন, রাজনৈতিক সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য। তিনি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে রক্ষা করতে হলে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনের বিকল্প নেই।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার: ১১ জনের বিরুদ্ধে মামলা
ইসরায়েলি যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করছে সৌদি-কাতার!
গেট খুলেছে ভারত, তিস্তাপাড়ে বন্যার শঙ্কা
চুম্বনের দৃশ্যে ‘কাট’-এর পরও থামেননি কঙ্গনা?
তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থবছরেই শুরু: পানিসম্পদমন্ত্রী
বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার ৯ দেশ নকআউটে
হেলিকপ্টার বিধ্বস্তে সৌদিতে নিহত ১৪
তুরাগে ‘সাত লাশ’ উদ্ধারের দাবি গুজব: ডিএমপি