ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথই প্রথমে পড়ানো হয়।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি প্রবেশপথে কঠোর তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়। গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সংসদ ভবন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।
শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরুর পথ সুগম হলো।
সবার দেশ/কেএম




























