Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-সম্পর্ক এক ইস্যুতে আটকে থাকা উচিত নয়

ইউনূসকে বেছে নিয়েছিলো গণঅভ্যুত্থানের নেতারা: মির্জা ফখরুল

ইউনূসকে বেছে নিয়েছিলো গণঅভ্যুত্থানের নেতারা: মির্জা ফখরুল
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বেছে নেয়া হয়েছিলো অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের সিদ্ধান্তে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।

দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা উচিত। প্রতিশোধ ও সহিংসতার মনোভাব গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। তার দাবি, ২০২৪ সালের আগস্টের সহিংস অভ্যুত্থানের পর জাতীয় পর্যায়ে কার্যকর রাজনৈতিক সমঝোতা গড়ে ওঠেনি। তিনি বলেন, অধ্যাপক ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্তটি এসেছিলো অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, কোনো একক ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক আটকে থাকা উচিত নয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্ক উন্নয়নের পথে বাধা হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং তাকে বিচারের আওতায় আনার জনদাবি আছে। বিএনপির মতে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো ভারতের নৈতিক দায়িত্ব। তবে ভারত যদি তাকে হস্তান্তর না-ও করে, তবুও বাণিজ্য ও বৃহত্তর কৌশলগত সম্পর্ক এগিয়ে নেয়া থেমে থাকা উচিত নয়।

তিনি জানান, অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তা চলমান থাকবে। গত ১৭ মাসে অন্তর্বর্তী সরকার একাধিকবার অনুরোধ জানালেও দিল্লি সাড়া দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্কের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, জটিলতা থাকা মানেই সহযোগিতা বন্ধ নয়। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের কথা তুলে ধরেন—যেখানে টানাপোড়েন থাকলেও পারস্পরিক স্বার্থে কাজ চলমান রয়েছে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে মনে করেন তিনি।

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে অবস্থান করছিলেন। সে সময়ও বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। ১৯৮০ সালের জানুয়ারিতে জিয়াউর রহমান দিল্লি সফরে গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করেন। এটিকে তিনি রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গঙ্গা পানিবণ্টন চুক্তি আগামী বছরের মধ্যে নবায়নের বিষয় সামনে আসবে। ফারাক্কার পানিবণ্টন, সীমান্তে হত্যা এবং অন্যান্য সংবেদনশীল বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তার ভাষায়, ভারতের সঙ্গে যুদ্ধ কোনও সমাধান নয়; আলোচনা ও কূটনৈতিক পথই একমাত্র উপায়।

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের একটি সম্ভাব্য ভিত্তি হিসেবে তুলে ধরেন। তার দাবি, বাণিজ্য, ব্যবসা সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

প্রযুক্তি শিক্ষায় ভারতের সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক বেকার তরুণকে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা উপসাগরীয় দেশসহ আন্তর্জাতিক শ্রমবাজারে আরও বেশি সুযোগ পায়।

অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়েই নতুন সরকারকে কাজ শুরু করতে হবে। বিভিন্ন মেগা প্রকল্প পুনর্মূল্যায়ন করে দেখতে হবে কোথায় অপচয় হয়েছে। যেসব প্রকল্প দেশের স্বার্থে কার্যকর হবে, সেগুলো রাখা হবে; অন্যগুলো নিয়ে পুনর্বিবেচনা করা হবে।

সব মিলিয়ে তিনি ইঙ্গিত দেন, রাজনৈতিক মতপার্থক্য ও বিতর্কিত ইস্যু থাকা সত্ত্বেও ভারত-বাংলাদেশ সম্পর্ককে বাস্তববাদী ও কৌশলগত ভিত্তিতে এগিয়ে নেয়ার পক্ষেই অবস্থান বিএনপির।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার
মন্ত্রিসভার অনুষ্ঠান বর্জন করলো এনসিপি
মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা
শপথ নিলেন এনসিপির এমপিরা
মব সৃষ্টির আগেই তিতাস ছাড়ুন— ইউএনওকে এমপি সেলিম ভূঁইয়ার হুমকি
সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলো জামায়াত, কক্ষ ছাড়লেন রুমিন
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
শপথ নিলেন জামায়াতের এমপিরা, পাল্টালেন সিদ্ধান্ত
জুলাই সনদ ও অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করলো বিএনপি: সারজিস
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান
সংবিধান সংস্কার পরিষদের শপথে আজ যাচ্ছে না বিএনপি: সালাহউদ্দিন
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
ইউনূসকে বেছে নিয়েছিলো গণঅভ্যুত্থানের নেতারা: মির্জা ফখরুল
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ
তারেক রহমানের স্বপ্নযাত্রায় নতুন বাংলাদেশ
হাসিনা ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক থামবে না: দ্য হিন্দুকে মির্জা ফখরুল
কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে