ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে গুঞ্জন এবং এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতিক্রিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এখন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উচিত পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা। একই সঙ্গে কথিত ‘মিডিয়া ক্যু’র পেছনে পার্থের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব মন্তব্য করেন।
পোস্টে বিএনপির নেতাকর্মীদের প্রতিক্রিয়া নিয়ে কটাক্ষ করে তিনি লেখেন, বিএনপির কর্মীরা বিপদে পড়েছেন। গতকাল প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কর্মকাণ্ডের প্রশংসা করে লিখতে হয়েছে, আবার আজ প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নেয়ার জন্য বাহবা দিতে হয়েছে। কিন্তু লিখতে না লিখতেই জানা গেল, ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তের খবরটি ভুয়া।
হাসনাত আরও লেখেন, এখন আবার তাদের লিখতে হবে, প্রধানমন্ত্রী কেন ইশরাককে পদত্যাগ করতে বলেননি, সেটি ভালো সিদ্ধান্ত হয়েছে।
ইশরাকের পদত্যাগের নির্দেশ নিয়ে গুঞ্জনের মধ্যেই বিএনপির নেতাকর্মীদের এমন অবস্থানকে ব্যঙ্গ করে এনসিপির এ সংসদ সদস্য বলেন, এ ঘটনার মধ্য দিয়ে ইশরাক নিজের দলের ভেতরে থাকা এমন কিছু সঙ্গীকে চিনতে পেরেছেন, যারা তার পদত্যাগের খবরে খুশি হয়েছেন এবং উল্লাস করেছেন।
পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন,
এখন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উচিত পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা। পাশাপাশি কথিত ‘মিডিয়া ক্যু’র পেছনে পার্থের কোনো ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।
ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। তবে এ খবরকে গুজব বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হলে তা জানানো হবে।
সবার দেশ/কেএম




























