Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৫, ২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ ও অর্থনৈতিক জোটের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশভেদে সর্বোচ্চ ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর)। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বা সমঝোতা হলে প্রস্তাবিত শুল্কহার কমানোর সুযোগ রাখা হয়েছে।

ইউএসটিআরের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে এ হার নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

চীনের পণ্যের ক্ষেত্রে সাধারণভাবে সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে সংযুক্তি ‘এ’-তে তালিকাভুক্ত নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে। পাশাপাশি কিছু পণ্যকে এ শুল্কের আওতামুক্ত রাখার সুযোগও রাখা হয়েছে।

ভিয়েতনামের পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব দেয়া হয়েছে। তবে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারলে এ হার ২০ শতাংশে নামিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হবে।

ভারতের পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারলে শুল্কহার কমিয়ে ১৭ শতাংশ করার সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরের ক্ষেত্রে প্রস্তাবিত ২০ শতাংশ শুল্ক চুক্তি বা সমঝোতার ভিত্তিতে ১০ শতাংশে নামতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ক্ষেত্রে ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। একই হারে শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যের ক্ষেত্রেও।

দেশভিত্তিক প্রস্তাবিত শুল্কহার একনজরে

দেশ বা অর্থনৈতিক জোট | প্রস্তাবিত শুল্কহার          
বাংলাদেশ                      ১৮ শতাংশ                      
কম্বোডিয়া                     ১৮ শতাংশ                      
ইন্দোনেশিয়া                   ১৮ শতাংশ                      
মালয়েশিয়া                     ১৮ শতাংশ                      
থাইল্যান্ড                    ১৮ শতাংশ                      
চীন                               সর্বোচ্চ ২০ শতাংশ          
ইউরোপীয় ইউনিয়ন            ১৫ শতাংশ                      
ভারত                          ২৫ শতাংশ, চুক্তি হলে ১৭ শতাংশ 
জাপান                         ১৫ শতাংশ                      
দক্ষিণ কোরিয়া                ১৫ শতাংশ                      
সিঙ্গাপুর                     ২০ শতাংশ, চুক্তি হলে ১০ শতাংশ 
সুইজারল্যান্ড                ১৫ শতাংশ                      
তাইওয়ান                       ১৫ শতাংশ                      
ভিয়েতনাম                      ৩৫ শতাংশ, চুক্তি হলে ২০ শতাংশ 

কেন এ শুল্ক আরোপের উদ্যোগ?

মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্যনীতি ও উৎপাদনসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেছে ইউএসটিআর। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশের কিছু বাণিজ্যনীতি ও চর্চা আন্তর্জাতিক বাজারে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। এসব নীতি ও চর্চায় পরিবর্তন আনতেই নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেয়া হয়েছে।

ইউএসটিআর জানিয়েছে, প্রস্তাবিত শুল্কের বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও পক্ষগুলোর কাছ থেকে জনমত নেয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বিদ্যমান বাণিজ্যচুক্তি, অন্যান্য আইনের আওতায় আরোপিত শুল্ক এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চলমান আলোচনার বিষয়গুলো বিবেচনা করা হবে।

বাংলাদেশের রপ্তানিতে কী প্রভাব পড়তে পারে?

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি বাজার হওয়ায় নতুন শুল্ক প্রস্তাবটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৈরি পোশাকসহ যুক্তরাষ্ট্রে রপ্তানিনির্ভর শিল্প খাতের ওপর এর প্রভাব পড়তে পারে।

তবে প্রস্তাবিত শুল্কহার চূড়ান্ত নয়। পণ্যভিত্তিক শুল্ক অব্যাহতি, বিদ্যমান শুল্কের সমন্বয় এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি চূড়ান্ত শুল্কহার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইউএসটিআরের এ ঘোষণা এখনো শুল্ক আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। জনমত গ্রহণ ও পরামর্শ প্রক্রিয়া শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র: ইউএসটিআর।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল