১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
প্রায় ১৫ বছর পর আবারও বাংলাদেশে পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা। চলতি বছরের জুনে এই সিরিজ মাঠে গড়াবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
শুক্রবার (১৭ এপ্রিল) ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে এ সূচি প্রকাশ করে। এর ফলে বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত সফর সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।
সফর অনুযায়ী, ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন থেকে। পরবর্তী দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচই ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে হারিয়েছিল।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। তিন ম্যাচের এ সিরিজ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। ম্যাচগুলো হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশে দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার এ সফরকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। দুই ফরম্যাটের এই সিরিজকে ঘিরে উত্তেজনা বাড়ছে টাইগার সমর্থকদের মধ্যেও।
সবারদেশ/এফও




























